মোশাররফের সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত ইমরানের
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের দলের সঙ্গে জোট গঠনের ইঙ্গিত দিয়েছে দেশটির সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি।ইমরানের দলের নতুন ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে সঠিক সময়েই মোশাররফের অল পাকিস্তান মুসলিম লিগের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে। গত রোববার মুলতানে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকারের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে চিঠি দেওয়ার অভিযোগ নিয়ে পাকিস্তানের রাজনীতিতে যখন চরম বিতর্ক চলছে, তখনই তেহরিক-ই-ইনসাফ এ ঘোষণা দিল। এ অবস্থায় রাজনীতিতে নতুন মেরুকরণ ও আগাম নির্বাচনের গুঞ্জন শোনা যাচ্ছে।ক্ষমতা ছাড়ার পর ২০০৯ সালের প্রথম থেকেই নির্বাসিত জীবন কাটাচ্ছেন পারভেজ মোশাররফ। তবে সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন, জানুয়ারি মাসের মধ্যেই দেশে ফিরবেন। ৮ জানুয়ারি টেলিফোনের মাধ্যমে করাচির একটি সমাবেশে বক্তব্য দেবেন তিনি। ধারণা করা হচ্ছে, ওই সমাবেশ থেকে তিনি দেশে ফেরার দিনক্ষণের ঘোষণা দিতে পারেন।মাহমুদ কোরেশি সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা তেহরিক-ই-ইনসাফে যোগ দিচ্ছেন।’ তিনি আরও বলেন, প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সব সাংসদ যদি একযোগে পদত্যাগ করেন, তাহলে আগাম নির্বাচন দেওয়া ছাড়া সরকারের আর কোনো গতি থাকবে না। তাই বলে ক্ষমতায় যাওয়ার জন্য তেহরিক-ই-ইনসাফের এত তাড়াহুড়ো নেই। পিটিআই।