পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের সম্পত্তি বাজেয়াপ্ত ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। হত্যাকাণ্ডের শিকার সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় গত শনিবার পাকিস্তানের একটি আদালত এই নির্দেশ দেন। ২০০৭ সালে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী শোভাযাত্রা শেষে গাড়িতে ওঠার সময় আত্মঘাতী বোমা হামলা ও গুলিতে নিহত হন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেত্রী বেনজির ভুট্টো। দীর্ঘদিন স্বেচ্ছানির্বাসনে থাকার পর কিছুদিন আগে দেশে ফিরেছিলেন তিনি।গত ফেব্রুয়ারিতে সন্ত্রাসবিরোধী একটি আদালত মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে স্বেচ্ছানির্বাসনে থাকা মোশাররফ আদালতে হাজির না হওয়ায় তাঁকে পলাতক দেখানো হয়।সরকারি কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলী গতকাল রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানান, পারভেজ মোশাররফ এই মামলায় অভিযুক্ত। আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে এ নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি ওই কৌঁসুলি আরও জানান, বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া সম্পত্তির মধ্যে রয়েছে ইসলামাবাদের একটি খামারবাড়ি, একাধিক আবাসিক প্লট এবং পাকিস্তানের বিভিন্ন ব্যাংকে থাকা তাঁর কয়েকটি ব্যাংক হিসাব। সব মিলিয়ে এসব সম্পদের পরিমাণ প্রায় নয় কোটি রুপি।নিরাপত্তার খাতিরে রাওয়ালপিন্ডির একটি কারাগারে গত শনিবার রুদ্ধদ্বার এ বিচারকাজ হয়। এ মামলায় সন্দেহভাজন পাঁচজন জঙ্গি ও পুলিশের দুজন কর্মকর্তাকে আসামি করা হয়েছে।মোশাররফের একজন ঘনিষ্ঠ সহযোগী এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেছেন। মোশাররফের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী অভিযোগ করেন, রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য পরিকল্পিতভাবে এই মামলা করা হয়েছে। রয়টার্স।