মোহাম্মদ আলীকে শ্রদ্ধা জানাতে হাজির লাখো মানুষ

কিংবদন্তি ক্রীড়াবিদ মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তাঁর নিজের শহর লুইভিলে আজ শুক্রবার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, ঘনিষ্ঠ বন্ধু, আমন্ত্রিত অতিথিসহ লাখো মানুষ উপস্থিত হয়।
দুই দিনব্যাপী আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার পারিবারিকভাবে মোহাম্মদ আলীর জানাজা হয়। আজ শুক্রবার হচ্ছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন মোহাম্মদ আলী স্মরণে আন্তধর্মীয় অনুষ্ঠান। আজই চিরশয্যায় শায়িত করা হবে তাঁকে। দাফনের আগে লুইভিলে মোহাম্মদ আলীর কফিন নিয়ে শোক শোভাযাত্রা হবে। আলীর স্মৃতিবিজড়িত কিছু স্থান, যেমন তাঁর শৈশবের বাড়ি, আলী সেন্টার, দ্য সেন্টার ফর আফ্রিকান আমেরিকান হেরিটেজ, মোহাম্মদ আলী বুলভার্ড অতিক্রম করবে শোভাযাত্রাটি।
শোকযাত্রায় আলীর কফিনের পাশে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থাকবেন রুপালি পর্দায় মোহাম্মদ আলীর চরিত্রে রূপ দেওয়া হলিউডের নামী অভিনেতা উইল স্মিথ ও সাবেক বক্সার লেনক্স লুইস। তাঁরা কফিনের কাপড় ধরে থাকবেন। আর প্রশংসা উক্তি পড়ে শোনাবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
গতকাল যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কেন্টাকি অঙ্গরাজ্যের লুইভিলে পারিবারিকভাবে ছোট পরিসরে জানাজা হয় ‘দ্য গ্রেটেস্ট’-এর। শহরের ফ্রিডম হল এলাকায় অনুষ্ঠিত হয় এই জানাজাসহ ৩০ মিনিটের প্রার্থনা অনুষ্ঠান। ১৯৬১ সালের ২৯ নভেম্বর এখানেই এক লড়াইয়ে আলী হারিয়ে দেন উইলি বেসম্যানফকে। গতকালের অনুষ্ঠান সম্পর্কে ইমাম জায়িদ শাকির বলেন, ইসলামি রীতি অনুযায়ী তাঁর জানাজা হয়েছে।
আন্তধর্মীয় স্মরণানুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং অন্যান্য অতিথি ও সাধারণ ভক্তদের। অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কৌতুক অভিনেতা বিলি ক্রিস্টালসহ অনেক বিশিষ্টজন অংশ নেবেন বলে জানা গেছে। স্মরণানুষ্ঠানে অংশগ্রহণের জন্য ১৫ হাজার বিনা মূল্যের টিকিট ছাড়ার আধা ঘণ্টার মধ্যে তা শেষ হয়ে যায়।
বর্ণাঢ্য জীবনে মোহাম্মদ আলী তিনবার বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন। নিজ দেশে কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আদায়ের লড়াইয়ে নিবেদিতপ্রাণ ছিলেন। যুদ্ধবিরোধিতার জন্য মানবতাবাদী হিসেবেও সাধুবাদ কুড়িয়েছেন। দশকব্যাপী পারকিনসন রোগের সঙ্গে লড়ে গত সপ্তাহে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
খ্রিষ্টান পরিবারে জন্মগ্রহণ করা আলীর নাম ছিল ক্যাসিয়াস ক্লে। ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার পর নাম পাল্টে রাখেন মোহাম্মদ আলী।