মৌমাছি বসা ফুলের মিষ্টতা-রহস্য
মৌমাছি যেসব ফুলে বসে তার মধু কেন প্রজাপতি বসা ফুলের চেয়ে বেশি ঘন ও মিষ্টি হয়, সে রহস্য উদ্ঘাটন করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। গবেষকেরা দেখতে পেয়েছেন, ফুলের গভীরে থাকা ঘন ও আঠালো মধু আহরণের জন্য মৌমাছির আহরণ-পদ্ধতিই সবচেয়ে কার্যকর। আর মধু যত বেশি মিষ্টি, তা তত বেশি ঘন ও আঠালো। প্রজাপতি এবং মথ একটি সরু শুঁড় দিয়ে চুষে ফুল থেকে মধু আহরণ করে থাকে। অন্যদিকে অধিকাংশ মৌমাছিরই জিহ্বা রয়েছে, যা দিয়ে তারা ফুলের অগভীর অংশে থাকা গ্রন্থি থেকে মধু টেনে নেয়।এ গবেষণায় পাওয়া ফলাফল প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।যেসব ফুলে মৌমাছি বিচরণ করে সেগুলোতে প্রজাপতির পছন্দের ফুলের তুলনায় বেশি মিষ্টি মধু থাকার বিষয়টি আগেই পরীক্ষা-নিরীক্ষায় প্রমাণিত হয়েছে। তবে কেন এমনটি হয়, সে ব্যাপারে এত দিন কোনো নিশ্চিত ব্যাখ্যা জানা ছিল না।গাঢ় মধুতে বেশি ক্যালোরি ও শক্তি থাকলেও তা বেশি আঠালো হওয়ায় টেনে বের করা কষ্টসাধ্য। তাই যতটা সম্ভব ঝামেলা এড়াতে যেসব ফুলে আশানুরূপ পরিমাণে চিনি থাকে সেসব ফুলই লক্ষ্যবস্তু করে থাকে মধু সংগ্রহকারী পতঙ্গেরা।গবেষকেরা দেখতে পান, যেসব মধুতে চিনির পরিমাণ ৫০-৬০ শতাংশ, সেটাই মৌমাছির জন্য আদর্শ। আর প্রজাপতির জন্য তা মাত্র ৩০-৪০ শতাংশের মতো। বিবিসি অনলাইন।