মৌমাছির হুল ফুটিয়ে চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের দাতব্য সংস্থার কর্মী স্যামি চাগ। বয়স ৪৫ বছর। মাল্টিপল স্ক্যালেরোসিস (এমএস) রোগে আক্রান্ত হয়ে ১৯৯৮ সালে স্যামি ভর্তি হন হাসপাতালে। ধীরে ধীরে রোগটি তাঁর চলাফেরার ক্ষমতা নষ্ট করে দেয়। দুরারোগ্য এই রোগ তাঁর শরীরের স্নায়ুকোষগুলোর মধ্যকার যোগাযোগ বন্ধ করে দেয়। একপর্যায়ে তিনি শয্যাশায়ী হয়ে পড়েন। সেই স্যামি এখন সুস্থ। তিনি আবার চলতে পারেন, হাঁটতে পারেন। আর সবই সম্ভব হয়েছে মৌমাছির বিষাক্ত হুল ফুটিয়ে চিকিৎসা বা বি ভেনম থেরাপি (বিভিটি) নেওয়ার ফলে। এই চিকিৎসায় একটি মৌমাছি দিয়ে রোগীর শরীরে হুল ফোটানো হয়। বিশেষজ্ঞরা মনে করেন, মৌমাছির হুলের বিষ এমএস রোগের ব্যথা কমাতে সাহায্য করে এবং শরীরের কোষকে আবার লড়াই করতে উদ্দীপিত করে। দেড় বছর মেয়াদি এ চিকিৎসায় স্যামির শরীরে সপ্তাহে দুবার মৌমাছির হুল ফোটানো হতো। প্রথমে তাঁর শরীরে হুল ফোটানো হয় দুটি। পরের বার চারটি, তার পরেরবার ছয়টি—এভাবে বাড়ানো হয়। দেড় বছরে প্রায় দেড় হাজারবার হুল ফোটানো হয়েছে। স্যামি বলেন, ‘আমি যখন বিভিটি চিকিৎসা নিই, তখন বিছানা বা কক্ষের বাইরে যেতে পারতাম না।’ তিনি বলেন, মৌমাছির হুল ফোটানো চিকিৎসায় বেশির ভাগ মানুষ ভয় পেতে পারে। কিন্তু আপনার যখন এমএসের মতো রোগে শরীর অসাড় হয়ে যাবে, তখন যেকোনো ধরনের অনুভূতিই—সেটা মৌমাছির হুল ফোটানো হোক না কেন—ভালো। তিনি বলেন, তাঁর শরীরের তিনটি স্থানে হুল ফোটানো হতো। কাঁধের ওপরে, পিঠের মাঝখানে ও পিঠের নিম্নাংশে। তিনি বলেন, ‘চিকিৎসার পর প্রায় দুই ঘণ্টার জন্য আমি আরাম পেতাম। দ্য টেলিগ্রাফ।