মৌরিতানিয়ায় আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় সেনাবাহিনীর একটি ব্যারাকে আত্মঘাতী হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন নিরপত্তাকর্মীরা। বিস্ফোরকবোঝাই ট্রাক নিয়ে ব্যারাকে ঢুকে পড়ার আগ মুহূর্তে হামলাকারীকে নিরাপত্তাকর্মীরা গুলি করে হত্যা করতে সক্ষম হন। এ সময় তাঁদের গুলিতে বিস্ফোরকভর্তি ট্রাক বিস্ফোরিত হওয়ায় ব্যারাকের পার্শ্ববর্তী কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। আফ্রিকাভিত্তিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা অব ইসলামিক মাগরেব (একিউএমআই) এ হামলার চেষ্টা চালায় বলে ধারণা করা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা জানান, রাজধানী নাওয়াকসুত থেকে ৬৮০ মাইল পূর্বে অবস্থিত নেমা শহরের ওই সেনা ব্যারাকে ভোররাতে হামলার চেষ্টা হয়। ট্রাক চালিয়ে এক ব্যক্তি ব্যারাকের দিকে যেতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। কিন্তু লোকটি তাঁদের বাধা না শুনে ট্রাক চালিয়ে দ্রুত ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় নিরাপত্তাকর্মীরা তাকে লক্ষ্য করে গুলি করেন। হামলাকারী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি গুলিতে ট্রাকটি বিস্ফোরিত হয়। মৌরিতানিয়ায় গত নভেম্বরে একিউএমআইর হাতে আটক দুই স্প্যানিশ সাহায্যকর্মী মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে ছাড়া পাওয়ার দুদিন পর এ ঘটনা ঘটল। ওই কর্মকর্তা বলেন, মালিতে একিউএমআইর ঘাঁটিতে জুলাই মাসে ফ্রান্স ও মৌরিতানিয়ার সেনারা যৌথ অভিযান চালান। ওই অভিযানে একিউএমআইর সাত সদস্য নিহত হয়। এর জবাবে তারা এপ্রিলে অপহরণ করা এক ফরাসি ব্যক্তিকে হত্যা করে। সর্বশেষ গতকালের এ হামলার চেষ্টাকেও জুলাই অভিযানের পাল্টা জবাব হিসেবে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, আল-কায়দা সম্প্রতি মৌরিতানিয়ায় বড় ধরনের আস্তানা গেড়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। তারা প্রায়ই সেখানে বিদেশি পর্যটকদের অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করছে। এপি।