ম্যাককেইনের এ কেমন আচরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়া প্রশ্নে আয়োজিত এক বৈঠকে বসে গতকাল মঙ্গলবার পোকার খেলছেন জন ম্যাককেইন। ছবিটি ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ থেকে নেওয়া।
সিরিয়া প্রশ্নে আয়োজিত এক বৈঠকে বসে গতকাল মঙ্গলবার পোকার খেলছেন জন ম্যাককেইন। ছবিটি ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ থেকে নেওয়া।

সিরিয়া আক্রমণের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তোড়জোড় করছেন। প্রধান বিরোধী দল রিপাবলিকান পার্টিও সরকারকে সমর্থন দিতে একপায়ে খাড়া। এ নিয়ে বিশ্ব গণমাধ্যম যতই নিনাদ তুলুক, সিরিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সিনেটর ম্যাককেইনের হালকা আচরণ মার্কিনদের নিষ্ঠাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
‘দ্য ডেইলি মেইল’ গতকাল মঙ্গলবার এক খবরে জানায়, প্রেসিডেন্ট ওবামা গতকাল যখন সিরিয়া আক্রমণের ভিত্তি তৈরির জন্য পররাষ্ট্র নীতিনির্ধারক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন, তখন রিপাবলিকান পার্টির সিনেটর জন ম্যাককেইন ওই বৈঠকে বসে তাঁর আইফোনে পোকার খেলছিলেন।
ম্যাককেইন ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার বিরুদ্ধে রিপাবলিকান দলের হয়ে লড়েছিলেন।
‘ওয়াশিংটন পোস্ট’-এর এক চিত্রসাংবাদিক ম্যাককেইনের একটি ছবি তোলেন। তাতে দেখা যায়, ম্যাককেইন তাঁর ইলেকট্রনিক কার্ডের মাধ্যমে পোকার খেলার জন্য অর্থ খরচ করে বাজি ধরছেন। অথচ ওই সময়ে সিরিয়ার কোটি কোটি মানুষের ভাগ্য নির্ধারণের জন্য মার্কিন সিনেটর ও সামরিক কর্মকর্তারা সভায় গুরুগম্ভীর ভাষায় ভাষণ দিচ্ছিলেন।
‘ওয়াশিংটন পোস্ট’ ছবিটি অনলাইনে প্রকাশের কয়েক মিনিটের মাথায় ঝাঁবাজ সিনেটর ম্যাককেইন নিজেই তা নিয়ে তামাশা শুরু করেন, যাতে এ লজ্জার ঘটনাটি আর বেশি তর্কের সৃষ্টি না করে। তিনি টুইট করেন, ‘স্ক্যান্ডাল! তিন ঘণ্টারও অধিক দীর্ঘ বৈঠকে বসে বসে আইফোনে গেম খেলতে গিয়ে ধরা পড়েছি—কী লজ্জার কথা!’

লজ্জিত জন ম্যাককেইন! ছবি: দ্য ডেইলি মেইল
লজ্জিত জন ম্যাককেইন! ছবি: দ্য ডেইলি মেইল


যখন খবরটি প্রকাশিত হয়, তখন ম্যাককেইন সিএনএনে এক আলোচনায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সিনেটের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির বৈঠক নিয়ে আলোচনা করার কথা ছিল ম্যাককেইনের। পরে তিনি বলেন, ‘হঠাত্ একঘেয়েমি লাগছিল, আর তাই ভিন্ন কিছু একটা করার ইচ্ছে হলো।’
সিনেটর ম্যাককেইনের সঙ্গে আলাপের পর সিএনএনের সহকারী প্রযোজক অ্যাশলে কিলো টুইট করে বলেছেন, ম্যাককেইন ক্যাপটল হিলের দীর্ঘ বৈঠকে খেলতে খেলতে ‘কয়েক হাজার’ নকল ডলার হারিয়েছেন।
‘দ্য ডেইলি মেইল’ বলছে, ম্যাককেইন সম্ভবত পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ও সেনাবাহিনীর জয়েন্ট স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্টিন ডেমসের বক্তব্য শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছিলেন। কারণ তিনি বৈঠকে যাওয়ার আগে থেকেই মনস্থির করে রেখেছিলেন, তিনি ওবামার সিরিয়া আক্রমণের পরিকল্পনাকে সমর্থন করবেন।
এ নিয়ে ম্যাককেইন বলেন, ‘প্রেসিডেন্ট যা করার মনস্থির করেছেন, তার পরেও যদি কংগ্রেস এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে তার ফল হবে ভয়ংকর।’ তিনি আরও বলেন, প্রত্যাখ্যানের ব্যাপারটি শুধু বর্তমান প্রেসিডেন্ট নয়, ভবিষ্যত্ প্রেসিডেন্টদেরও বিপদের মুখে ঠেলে দেবে।