আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বাহিনীর সাবেক প্রধান জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল কোনো ভুল করেননি বলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের (পেন্টাগন) তদন্তে প্রমাণিত হয়েছে। প্রেসিডেন্টসহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ‘অসম্মানজনক’ মন্তব্যের দায়ে গত বছর ম্যাকক্রিস্টালকে আফগানিস্তান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে সামরিক বাহিনী থেকে তিনি অবসর নেন।বিখ্যাত রোলিং স্টোন সাময়িকীর এক নিবন্ধে ম্যাকক্রিস্টাল ও তাঁর সহযোগীরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, কূটনীতিক রিচার্ড হলব্রুক, রাষ্ট্রদূত কার্ল এইকেনবেরিসহ কয়েকজনের বিরুদ্ধে কথিত অসম্মানজনক মন্তব্য করেন। ‘দ্য রানঅ্যাওয়ে জেনারেল’ শীর্ষক ওই নিবন্ধে ম্যাকক্রিস্টালকে উদ্ধৃত করে উল্লেখ করা হয়, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় ওবামাকে ‘ভীত’ দেখায়। তিনি ‘অস্বস্তিতে’ ভুগছেন বলেও মনে হয়। তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল জেমস জোন্সকে ‘সার্কাসের ভাঁড়’ বলে উল্লেখ করা হয় নিবন্ধে। পেন্টাগন ৮ এপ্রিল ওই নিবন্ধ বিষয়ে তদন্ত শেষ করে। গত সোমবার নিউইয়র্ক টাইমস ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। তদন্তে ১৫ ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে। প্রতিবেদনের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের পরিদর্শক জেনারেলের কার্যালয় থেকে বলা হয়, জেনারেল ম্যাকক্রিস্টাল ও তাঁর সহযোগীরা মার্কিন সামরিক বাহিনীর নীতিমালা লঙ্ঘন করেছেন—তদন্তে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। জানা গেছে, ‘তদন্তের স্বার্থে’ রোলিং স্টোন সাময়িকীর নির্বাহী সম্পাদক এরিক বেটস এবং ওই নিবন্ধের লেখক মাইকেল হেস্টিংসের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করা হয়। তবে তাঁরা এতে রাজি হননি। পরে রোলিং স্টোনের এক বিবৃতিতে জানানো হয়, তাদের প্রকাশিত নিবন্ধে ‘সবকিছু বিস্তারিত ও যথার্থভাবে’ তুলে ধরা হয়েছে।এই তদন্ত শেষ হওয়ার চার দিন পর হোয়াইট হাউস জানায়, ম্যাকক্রিস্টালকে মার্কিন ফার্স্টলেডি মিশেল ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী জিল বাইডেনের নতুন একটি উদ্যোগের সঙ্গে যুক্ত করা হতে পারে। সিএনএন ও বিবিসি।