ম্যাগনা কার্টার ৮০০তম বার্ষিকী উদ্যাপন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ম্যাগনা কার্টা বা মহাসনদের ৮০০তম বার্ষিকী উদ্যাপন শুরু করেছে। পাঁচ বছর ধরে এই উৎসব চলবে। এ উপলক্ষে গত শুক্রবার ম্যাগনা কার্টা স্বাক্ষরের স্থান সারে কাউন্টির রানিমেডে বিশেষ এক আয়োজনে অংশ নেন যুক্তরাজ্যের বিচারমন্ত্রী কেন ক্লার্ক। এ সময় বিশিষ্টজনেরা সেখানে উপস্থিত ছিলেন।২০১৫ সালের ১৫ জুন ম্যাগনা কার্টা স্বাক্ষরের ৮০০তম বার্ষিকী পূর্ণ হবে। দিনটিকে সামনে রেখেই পাঁচ বছরব্যাপী নানা অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ও কমনওয়েলথভুক্ত দেশগুলোতে ম্যাগনা কার্টার প্রদর্শনী আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।যুক্তরাজ্যের বিচারমন্ত্রী কেন ক্লার্ক বলেন, ‘সব রাষ্ট্রের একটি সাধারণ ঝোঁক হলো, বেশি বেশি ক্ষমতা হাতে রাখা এবং বাধা-নিষেধ আরোপ করা।’ এ সময় তিনি যুক্তরাজ্যে জনগণের ব্যক্তিস্বাধীনতা বাড়াতে এই অনুষ্ঠানকে উপলক্ষ হিসেবে ধরতে যুক্তরাজ্য সরকারের প্রতি গুরুত্বারোপ করেন।ম্যাগনা কার্টা ট্রাস্ট ২০১৫ সালের ১৫ জুন সরকারি ছুটি ঘোষণা এবং দিনটি উপলক্ষে স্মারকমুদ্রা ও ডাকটিকিট প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। লন্ডনে ব্রিটিশ লাইব্রেরিতে বিশেষ প্রদর্শনী এবং যুক্তরাজ্যের বিভিন্ন বিদ্যালয় ও গ্রন্থাগারে অনুষ্ঠানের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বিশ্বজুড়ে ব্রিটিশ কাউন্সিলের ১৬০টি শাখায় প্রদর্শনীর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিশ্ব ঐতিহ্যের মর্যাদাসম্পন্ন ম্যাগনা কার্টার সাংবিধানিক গুরুত্ব এবং আইন ও রাজনীতি সম্পর্কে জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যেও কাজ করবে ম্যাগনা কার্টা ট্রাস্ট।ম্যাগনা কার্টা ট্রাস্টের চেয়ারম্যান ও যুক্তরাজ্যের জ্যেষ্ঠ বিচারক লর্ড নিউবার্জার বলেন, ম্যাগনা কার্টার গুরুত্ব বোঝানো সম্ভব নয়। এই সনদে আইনের অধীনে স্বাধীনতা, গণতন্ত্র ও সরকারের গুরুত্বের ধারণা চমৎকারভাবে সন্নিবেশিত হয়েছে।১২১৫ সালের ১৫ জুন ম্যাগনা কার্টা বা মহাসনদে স্বাক্ষর করেন রাজা জন। ওই সনদে মানুষের মৌলিক স্বাধীনতা, সম্পত্তির অধিকার ও মুক্ত মানুষের গ্যারান্টি দেওয়া হয়। বিবিসি।