ম্যান বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক জুলিয়ান বারনেস
ব্রিটিশ লেখক জুলিয়ান বারনেস গত মঙ্গলবার ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। এটি ইংরেজি ভাষার সাহিত্যে অন্যতম সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার। দ্য সেন্স অব অ্যান এন্ডিং উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার পান।পুরস্কারের মূল্যমান ৮০ হাজার মার্কিন ডলার (৫০ হাজার পাউন্ড)। এ উপলক্ষে লন্ডনের গিল্ডহলে আয়োজিত অনুষ্ঠানে বারনেস বলেন, এই পুরস্কার পেয়ে তিনি আনন্দিত। একই সঙ্গে স্বস্তিও পেয়েছেন। কারণ, এর আগে ১৯৮৪, ১৯৯৮ ও ২০০৫ সালে তাঁর এই পুরস্কার পাওয়ার জোরালো সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত পাননি।ইংল্যান্ডের লেইস্টারে জন্মগ্রহণকারী ৬৫ বছর বয়সী লেখক বারনেস বলেন, এর আগে ফ্লবার্টস প্যারট, ইংল্যান্ড, ইংল্যান্ড ও আর্থার অ্যান্ড জর্জ বই ম্যান বুকার পুরস্কারের জন্য মনোনীত হলেও তাঁকে পুরস্কার দেওয়া হয়নি। এ জন্য তিনি মানসিক কষ্টে ভুগছিলেন। একপর্যায়ে তাঁর মনে হয়েছিল, কেউ বুঝি তাঁর এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বাগড়া দিচ্ছে। দ্য সেন্স অব এন্ডিং এমন এক সাধারণ মানুষের গল্প, যে পরবর্তী জীবনে তার অতীত পরিভ্রমণ করে। একপর্যায়ে সে টের পায়, তার স্মৃতিশক্তিতে ত্রুটি রয়েছে। পুরস্কারের নির্বাচকমণ্ডলীর সভাপতি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের সাবেক প্রধান স্টেলা রিমিংটন বলেন, বারনেসের বইটি কয়েকবার পড়ার মতো। তাঁর লেখার ভঙ্গিরও প্রশংসা করেন তিনি। গত আগস্টের শুরুতে বারনেসের বইটি প্রকাশিত হওয়ার পর এটির ২৭ হাজার পাঁচশ’র বেশি কপি বিক্রি হয়েছে। ১৫০ পৃষ্ঠার বইটি আয়তনে বুকার জয়ের জন্য কম ছিল না। এএফপি।