ম্যান বুকারে ইতিহাস গড়লেন ইলিনর ক্যাটন

এ বছর ম্যান বুকার পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের নারী ঔপন্যাসিক ইলিনর ক্যাটন। বুকারের ৪৫ বছরের ইতিহাসে সবচেয়ে কম বয়সী লেখক হিসেবে পুরস্কারটি জিতে তিনি নতুন ইতিহাস গড়লেন।
গতকাল মঙ্গলবার ‘দ্য লুমিনারিস’ উপন্যাসটির জন্য মাত্র ২৮ বছর বয়সী এই নারী লেখককে ম্যান বুকার পুরস্কারে ভূষিত করা হয়। রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।
১৮৬৬ সালে নিউজিল্যান্ডে গোল্ড রাশের (হঠাৎ আবিষ্কৃত স্বর্ণখনিতে কাজ করতে আসা জনস্রোত) সময়কার চিত্র তুলে ধরেন ইলিনর তাঁর উপন্যাসে। পুরস্কার ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানাতে ইলিনর ৮৪৮ পৃষ্ঠার ঢাউস আকৃতির উপন্যাসটি নিয়ে রসিকতাপূর্ণ বক্তব্য দেন। তিনি বলেন, বইটি আকারে এত বড় যে সেটি তাঁর হাতব্যাগে ধরছিল না। এ কারণে বাধ্য হয়ে তাঁকে বড় একটি ব্যাগ কিনতে হয়েছে। তিনি যুক্তরাজ্যের প্রকাশনা প্রতিষ্ঠান গ্রানাটাকে এই বিশাল কলেবরের বই প্রকাশ করার মতো ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য ধন্যবাদ জানান। উপন্যাসের প্রধান চরিত্র ওয়ালটার মুডির সোনার খনিতে ভবিষ্যৎ গড়তে আসা এবং সেখানে তাঁর নানা ঘাতপ্রতিঘাতের সম্মুখীন হওয়া নিয়ে কাহিনি বিস্তার লাভ করেছে।
ম্যান বুকার পুরস্কারের বিচারকদের প্রধান রবার্ট ম্যাকফারলেন ক্যাটনের দ্বিতীয় উপন্যাস লুমিনারিসকে ‘দীপ্তিমান’ ও ‘বুদ্ধিদীপ্ত’ বলে অভিহিত করেন।
গত বছর হিলারি ম্যানটেন ‘ব্রিং অব দ্য বডিস’ উপন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার পান।