ম্যানচেস্টারে আবারও কনসার্ট করতে চান অ্যারিয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যারিয়ানা গ্র্যান্ডে
অ্যারিয়ানা গ্র্যান্ডে

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার শিকার ব্যক্তিদের সহায়তায় আবারও সেখানে কনসার্ট করতে চান মার্কিন সংগীত শিল্পী অ্যারিয়ানা গ্র্যান্ডে। ভক্তদের সঙ্গে সময় কাটাতে চান তিনি। এ ছাড়া হামলার পর পর ইউরোপের কয়েকটি দেশে নির্ধারিত কনসার্ট বাতিল করলেও এখন তা যথাসময়ে হবে বলে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই সংগীত তারকা।

গত সোমবার ম্যানচেস্টারে অ্যারিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয় এবং আহত হয় ১১৬ জন।

ম্যানচেস্টারে আবারও কনসার্ট করতে চাওয়ার ইচ্ছার কথা জানিয়ে অ্যারিয়ানা বলেছেন, ম্যানচেস্টার হামলার শিকার ব্যক্তিদের জন্য তাঁর ‘প্রার্থনা ও গভীর সমবেদনা।’ তিনি বলেন, ‘ভক্তদের না দেখে, তাদের স্পর্শ না করে, তাদের অনুপ্রাণিত না করে আমি বছরের বাকি সময় কাটাতে চাই না।’
অ্যারিয়ানা বলেন, ‘হামলার শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সম্মানে এবং তাদের অর্থ সহায়তার জন্য কনসার্ট করতে চাই আমি। ভক্তদের সঙ্গে সময় কাটাতে এই অসম্ভব সাহসী শহর ম্যানচেস্টারে ফিরতে চাই আমি।’

ম্যানচেস্টারে হামলার পর ইউরোপের কয়েকটি দেশে অ্যারিয়ানা তাঁর নির্ধারিত কনসার্ট স্থগিতের কথা জানিয়েছিলেন। তবে এখন তিনি জানিয়েছেন যথাসময়ে এই কনসার্টগুলো হবে। অ্যারিয়ানা বলেছেন, ‘যাঁদের আমরা হারিয়েছি, তাঁদের ভালোবাসার মানুষ; আমার ভক্ত ও হামলায় ক্ষতিগ্রস্তদের সম্মানে যথাসময়েই কনসার্ট করা হচ্ছে। তাঁরা আমার হৃদয়ে থাকবে, আমার বাকি জীবনে আমি সবকিছুতে তাঁদের মনে রাখব।’

এই তারকা জানিয়েছেন, ম্যানচেস্টারে আবারও কনসার্ট আয়োজনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর এ বিষয়ে তিনি বিস্তারিত জানাবেন।