ম্যানচেস্টারে কনসার্ট হলে আত্মঘাতী হামলা

যুক্তরাজ্যে একটি কনসার্ট হলে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন ২২ জন। গত সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় কনসার্ট শেষে যুক্তরাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ‘ম্যানচেস্টার অ্যারিনায়’ এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহতম হামলার ঘটনাটি ঘটেছে। এ সময় হলে উপস্থিত প্রায় ২১ হাজার দর্শক-শ্রোতার বেশির ভাগই ছিলেন তরুণ-তরুণী। কিশোর ও তরুণদের কাছে জনপ্রিয় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডির গান শুনতে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন।
গতকাল মঙ্গলবার ম্যানচেস্টার পুলিশ হামলাকারীর পরিচয় জানতে পেরেছে। ২২ বছর বয়সের ওই হামলাকারীর নাম সালমান আবেদি। তাঁর বাবা-মা শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছিলেন। চার ভাইবোনের মধ্যে সালমান দক্ষিণ ম্যানচেস্টারে বড় হয়েছেন। ওই এলাকা থেকে ২০১৫ সালে দুই স্কুলশিক্ষার্থী সিরিয়ায় পাড়ি দেয়। গতকাল ফ্যালোফিল্ড এলাকায় হামলাকারীর বাসায় তল্লাশি চালায় পুলিশ। হামলাকারী একাই ওই বোমা বানিয়েছেন নাকি তাঁর সহযোগী হিসেবে আরও কেউ ছিল, তা খুঁজে বের করাতেই প্রাধান্য দিচ্ছে পুলিশ।
হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে গতকাল সকালে দক্ষিণ ম্যানচেস্টারের চার্লটন এলাকা থেকে ২৩ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়। সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ‘আইএস’ এ হামলার দায় স্বীকার করছে, তবে দাবির সপক্ষে কোনো বিস্তারিত তথ্য তারা দেয়নি।
ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার ঠিক দুই মাস পূর্তির দিনই এই হামলার ঘটনা ঘটল। ২০০৫ সালে লন্ডন পাতালরেলে বোমা হামলার পর এটিকে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা বলা হচ্ছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তাঁরা হলেন আট বছরের সাফি রৌজ রাউসস, ১৮ বছর বয়সী জর্জিনা ক্যালেন্ডার এবং ২৮ বছরের জন অ্যাটকিন্স। নিরাপত্তাবিষয়ক সর্বোচ্চ বৈঠকের পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী থেরেসা মে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, বিবেকহীন সন্ত্রাসীরা নিরীহ কিশোর-কিশোরীদের তাদের হামলার লক্ষ্য হিসেবে বেছে নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীর পরিচয় জানতে পেরেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।
ম্যানচেস্টার শহরের একেবারে কেন্দ্রে অবস্থিত যুক্তরাজ্যের বৃহত্তম ইনডোর স্টেডিয়াম ম্যানচেস্টার অ্যারিনা। সোমবার সন্ধ্যায় এখানে গান করেন তরুণ-তরুণীদের কাছে অতি প্রিয় যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ২৩ বছর বয়সী অারিয়ানা গ্রান্ডি। রাত সাড়ে ১০টায় গান শেষ করে মঞ্চ থেকে শিল্পী বিদায় নেন। সঙ্গে সঙ্গেই দর্শনার্থীদের হলত্যাগের পথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ওই পথ দিয়ে বের হলে সামনে ভিক্টোরিয়া রেলস্টেশন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হল থেকে বের হওয়ার চারটি পথ রয়েছে। ভিক্টোরিয়া রেলস্টেশনের দিকের পথ ধরেই তাঁরা বের হতে যাচ্ছিলেন। ওই গেটের ভেতরেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। তাঁরা বলেন, কয়েক সেকেন্ডের জন্য পুরো হল স্তব্ধ হয়ে যায়। এরপর শুরু হয় চিৎকার-ছোটাছুটি। কেউ কেউ জানান যে তাঁরা অনেক মানুষকে পড়ে থাকতে দেখেছেন। কনসার্টে আসা সন্তানদের নিতে এসে চরম উদ্বেগে বাইরে ছোটাছুটি করতে হয় অভিভাবকদের।