ম্যানচেস্টারের ঘটনায় শোকাহত তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর ডগ স্কোয়াড নিয়ে পুলিশের তৎপরতা। ছবি: রয়টার্স
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ বিস্ফোরণে ১৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণের পর ডগ স্কোয়াড নিয়ে পুলিশের তৎপরতা। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনৈতিক ও সংগীত অঙ্গনের ব্যক্তিত্বরা। গতকাল সোমবার রাতে ম্যানচেস্টারে মার্কিন সংগীতশিল্পী অ্যারিয়ানা গ্র্যান্ডের কনসার্ট শেষ হওয়ার পরপর ভয়াবহ ওই বিস্ফোরণে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫০ জন।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং নিহত ও আহত ব্যক্তিদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইটারে মন্তব্য করেছেন অনেকে। এসব বার্তায় যুক্তরাজ্যের জরুরি সেবার ভূয়সী প্রশংসা করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন তাঁর টুইটার প্রতিক্রিয়ায় জানান, ‘ম্যানচেস্টারের ভয়ংকর ঘটনা ঘটেছে, আমার সমবেদনা, যারা এই দুর্ঘটনার শিকার হয়েছে তাদের জন্য। অসাধারণ ভূমিকা রেখেছে আমাদের জরুরি সেবা।’

যুক্তরাজ্যের জরুরি সেবার সাহসী ভূমিকার প্রশংসা করে টুইট করেছেন ম্যানচেস্টার ও লন্ডনের মেয়র। ম্যানচেস্টারের নবনির্বাচিত মেয়র অ্যান্ডি বার্নহাম টুইটার বার্তায় বলেন, ‘আমার হৃদয় ভেঙে যাচ্ছে—যারা স্বজন হারিয়েছেন, তাঁদের জন্য। প্রশংসা করছি আমাদের সাহসী জরুরি সেবাকর্মীদের। আমাদের এই অসাধারণ শহরের জন্য এটি একটি ভয়ংকর রাত।’

লন্ডনের মেয়র সাদিক খান টুইট করেন, ‘লন্ডন ম্যানচেস্টারের পাশে রয়েছে। যারা নিহত হয়েছে ও আহত হয়েছে, তাদের জন্য আমরা শোকাহত।’

টুইটারে বন্ধু অ্যারিয়ানা গ্র্যান্ডের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংগীতশিল্পীরা। অ্যারিয়ানা গ্র্যান্ডের সহশিল্পী নিকি মিনাজ টুইটার বার্তায় বলেন, ‘ঘটনাটি আমাকে অসম্ভব আঘাত করেছে। আমার বোন অ্যারিয়ানার জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। কষ্ট হচ্ছে নিরপরাধ মানুষগুলোর জন্য। তাদের পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা।’
বন্ধু ‘অ্যারি’র জন্য সমবেদনা ফুটে উঠেছে টেইলর সুইফট ও কেটি পেরির টুইটার বার্তায়। টেইলর সুইফটের বার্তাটি ছিল, ‘আমি হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনা ও কান্না করছি। সমবেদনা তাদের পরিবারের প্রতি। সবার প্রতি আমার গভীর ভালোবাসা।’ কেটি পেরি বলেন, ‘হৃদয় ভেঙে যাচ্ছে পরিবারগুলোর জন্য, হৃদয় ভেঙে যাচ্ছে অ্যারির জন্য।’
সূত্র: এএফপি