ম্যানিং ও স্নোডেনকে বেশি সময় দেওয়াকে দুষলেন অ্যাসাঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের গুরুত্বপূর্ণ একজন নেতার পদত্যাগের কারণে সংকটে পড়েছে উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জ। ওই নেতার অস্ট্রেলিয়ার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে উইকিলিকস পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল।এদিকে দলের এই সংকটের জন্য মার্কিন গোপন নথি ও নজরদারির তথ্য ফাঁস করে আলোচিত ব্র্যাডলি ম্যানিং ও এডওয়ার্ড স্নোডেনের দিকে তাঁর বেশি সময় দেওয়াকে দায়ী করেছেন অ্যাসাঞ্জ। উইকিলিকস পার্টির নেতা লেসলি ক্যানল্ড গত বুধবার পদত্যাগ করেন। ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে’ এ দলের প্রতি তাঁর মোহমুক্তি ঘটেছে উল্লেখ করে পদত্যাগ করেন ক্যানল্ড।আগামী ৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে পার্লামেন্টের উচ্চকক্ষে কোনো আসন পেলে এবং অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ায় ফিরতে না পারলে লেসলি ক্যানল্ডই পার্লামেন্টে দলের প্রতিনিধিত্ব করতেন।দলীয় নেতা ক্যানল্ডের পদত্যাগের দায় নিজের কাঁধে নিয়ে অ্যাসাঞ্জ গতকাল বলেন, ‘আমি দুই মাস আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে স্নোডেনের আশ্রয় এবং ম্যানিংয়ের জীবন বাঁচানোর কাজে অনেক সময় দেব। এখন বিষয়টি আমার প্রতিনিধিদের হাতে। আর দলের বর্তমান অবস্থার জন্য পুরো দায় আমি স্বীকার করে নিচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমি।’ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (এবিসি)-এর সঙ্গে সাক্ষাৎকারে অ্যাসাঞ্জ আরও বলেন, ৯ ঘণ্টা সময়ের পার্থক্যের দূরত্ব থেকে একটি দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সত্যিই কঠিন। অ্যাসাঞ্জ জানান, ক্যানল্ড পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে তাঁর সঙ্গে যোগাযোগ করেননি।দল থেকে পদত্যাগ করলেও উইকিলিকস পার্টির প্রার্থী হিসেবে ক্যানল্ডের নাম ব্যালট পেপারে থাকবে বলে জানা গেছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ব্যালট পেপার থেকে নাম মুছে ফেলার মতো সময় নির্বাচন কমিশনের হাতে নেই।মার্কিন সাবেক সেনাসদস্য ম্যানিংয়ের কাছ থেকে যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি পেয়ে তা প্রকাশ করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিলেন গোপনীয়তাবিরোধী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। পরে তিনি একই নামে রাজনৈতিক দল খোলেন। অ্যাসাঞ্জকে তথ্য দেওয়ার অভিযোগে গত বুধবার ম্যানিংকে ৩৫ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন সামরিক আদালত। আর মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী স্নোডেন মার্কিন গোপন নজরদারির খবর ফাঁস করে যুক্তরাষ্ট্র ছেড়ে পালিয়েছেন। সাময়িক আশ্রয় পেয়ে এখন রাশিয়ায় অবস্থান করছেন তিনি। স্নোডেনের আশ্রয় পাওয়ার ব্যাপারে উইকিলিকস সার্বিক সহায়তা করে বলে জানা গেছে।লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের কাছে আশ্রয় পেয়ে অ্যাসাঞ্জ এক বছরেরও বেশি সময় ধরে লন্ডনে ওই দেশটির দূতাবাসে অবস্থান করছেন। সুইডেনে প্রত্যর্পণ এড়াতে সেখানে রয়েছেন তিনি। সুইডেনে তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা রয়েছে যার সত্যতা অ্যাসাঞ্জ শুরু থেকে অস্বীকার করে আসছেন। এএফপি ও রয়টার্স।