ম্যানিংয়ের তথ্য ফাঁসের মূলে ঔদ্ধত্য: যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যাডলি ম্যানিং
ব্র্যাডলি ম্যানিং

মার্কিন প্রাইভেট সেনা ব্র্যাডলি ম্যানিং ঔদ্ধত্য দ্বারা তাড়িত হয়ে বিপুল পরিমাণ গোপন গোয়েন্দা তথ্য সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসে ফাঁস করেছেন। গত সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক আদালতে ম্যানিংয়ের বিচার চলাকালে কৌঁসুলিরা এ বক্তব্য দেন।
ম্যানিংয়ের কৌঁসুলিরা দাবি করেন, তাঁদের মক্কেল অপক্ব তরুণ সেনা। আফগান ও ইরাক যুদ্ধে মানুষের জীবনের ক্ষয়ক্ষতির দিকটি উন্মোচন করতেই গোপন মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস করেছেন তিনি।
সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসে বিপুল পরিমাণ গোপন মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্র্যাডলি ম্যানিং গতকাল সামরিক আদালতে বিচারের মুখোমুখি হন। এই আদালতে আগস্ট পর্যন্ত তাঁর বিচারের শুনানি চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, মেরিল্যান্ডের ফোর্ড মিডে সামরিক আদালতে ম্যানিংয়ের বিচার শুরু হয়। বিচারে সবচেয়ে গুরুতর অভিযোগগুলো প্রমাণিত হলে ২৫ বছর বয়সী ম্যানিংয়ের ১৫৪ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।

ম্যানিংয়ের বিরুদ্ধে ২২টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১০টি অভিযোগ স্বীকার করেছেন তিনি। তবে শত্রুকে সহযোগিতার মতো গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন ম্যানিং।

ম্যানিংয়ের বিরুদ্ধে আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা এবং আফগান ও ইরাক যুদ্ধের প্রায় পাঁচ লাখ প্রতিবেদন ২০০৯ ও ২০১০ সালে উইকিলিকসের কাছে ফাঁসের অভিযোগ আনা হয়েছে। ইরাকে দায়িত্ব পালনকালে ২০১০ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়।