ম্যানিংয়ের বিচার শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসে বিপুল পরিমাণ গোপন মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস করার অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রাইভেট সেনা ব্র্যাডলি ম্যানিং আজ সোমবার সামরিক আদালতে বিচারের মুখোমুখি হচ্ছেন।

এদিকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভবিষ্যত্ নিয়ে ইকুয়েডরের আলোচনার প্রস্তাব বিবেচনা করছে যুক্তরাজ্য।

বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মেরিল্যান্ডের ফোর্ড মিডে আজ সামরিক আদালতে ম্যানিংয়ের বিচার শুরু হবে। বিচারে সবচেয়ে গুরুতর অভিযোগগুলো প্রমাণিত হলে ২৫ বছর বয়সী ম্যানিংয়ের ১৫৪ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।

ম্যানিংয়ের বিরুদ্ধে আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা এবং আফগান ও ইরাক যুদ্ধের প্রায় পাঁচ লাখ প্রতিবেদন ২০০৯ ও ২০১০ সালে উইকিলিকসের কাছে ফাঁসের অভিযোগ আনা হয়েছে। তথ্য ফাঁসের অভিযোগে ইরাকে দায়িত্ব পালনকালে ২০১০ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ম্যানিংয়ের বিরুদ্ধে ২২টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ১০টি অভিযোগ স্বীকার করেছেন তিনি। তবে শত্রুকে সহযোগিতার মতো গুরুতর অভিযোগ অস্বীকার করেছেন ম্যানিং।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের ভবিষ্যত্ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে ইকুয়েডর। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, প্রস্তাবটি বিবেচনা করছে দেশটির সরকার।

ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো ১৬ জুলাই অ্যাসাঞ্জের সঙ্গে লন্ডন দূতাবাসে সাক্ষাত্ করবেন। এ সময়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের সঙ্গে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছেন তিনি।

প্রায় এক বছর ধরে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে অবস্থান করছেন অ্যাসাঞ্জ। তাঁকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ইকুয়েডর সরকার।

অ্যাসাঞ্জের বিরুদ্ধে সুইডেনে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তিনি ওই অভিযোগ অস্বীকার করেছেন। অ্যাসাঞ্জের আশঙ্কা, সুইডেনে পাঠানো হলে দেশটির সরকার তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে।