গুপ্তচরবৃত্তির অপরাধে সাবেক মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিংকে আদালতে দোষী সাব্যস্ত করার ঘটনাটিকে ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ আখ্যা দিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
মার্কিন সরকারের বহু স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস করে আলোচিত অ্যাসাঞ্জ বলেন, এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়, বরং মার্কিন কর্তৃপক্ষের চরমপন্থার প্রমাণ।
২৫ বছর বয়সী ম্যানিং বেশ কয়েক হাজার গোপন মার্কিন নথিপত্র উইকিলিকসকে সরবরাহ করার অভিযোগ স্বীকার করেছেন। তবে তিনি মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে বিতর্ক উসকে দেননি বলে দাবি করেছেন। তবে তাঁর ফাঁস করা তথ্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে মহা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল যুক্তরাষ্ট্র।
মেরিল্যান্ড অঙ্গরাজ্যের একটি সামরিক আদালত গত মঙ্গলবার ম্যানিংকে দোষী সাব্যস্ত করেন। এ-সংক্রান্ত রায়ের চূড়ান্ত শুনানি গতকাল বুধবারই শুরু হওয়ার কথা। এতে বাদী ও বিবাদী উভয় পক্ষের সাক্ষ্য নেওয়া হবে। ফলে প্রক্রিয়াটি অনেক দীর্ঘায়িত হতে পারে। ধারণা করা হচ্ছে, ম্যানিংয়ের সর্বোচ্চ ১৩৬ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বিবিসি।