উইকিলিকসের কাছে সরকারি গোপন তথ্য ফাঁস করার আগে মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিংয়ের মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা গিয়েছিল বলে দাবি করেছেন তাঁর আইনজীবী। তিনি অভিযোগ করেছেন, ম্যানিংয়ের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা তাঁর বিভিন্ন সময়ের উত্তেজিত আচরণ ও মানসিক অসুস্থতার বিষয়টি উপেক্ষা করেছিলেন। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিডে এক সামরিক আদালতে ম্যানিংয়ের বিচার চলছে। এ আদালত তাঁকে গুপ্তচরবৃত্তির দায়ে অভিযুক্ত করেছেন। এখন চলছে মামলার দণ্ডাদেশ ঘোষণার পর্ব।
সামরিক গোপনীয় তথ্য ও কূটনৈতিক তারবার্তা ফাঁস করে দেওয়ার অপরাধে ২৫ বছর বয়সী ম্যানিংয়ের ৯০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ম্যানিংয়ের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগের বিষয়টি কীভাবে মোকাবিলা করা হয়েছিল এবং তাঁর নিরাপত্তা ক্লিয়ারেন্স বহাল রাখা উচিত ছিল কি না, তা নিয়ে গত সোমবার দণ্ডাদেশ ঘোষণার পর্বে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেন তাঁর আইনজীবী। দশম মাউন্টেইন ডিভিশনে ম্যানিংয়ের ব্রিগেডের কমান্ডারসহ বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, ম্যানিংয়ের ইউনিটে গোয়েন্দা বিশেষজ্ঞের অভাব ছিল। তবে ইরাকে কর্তব্য পালনের অযোগ্য কাউকে সেখানে পাঠানো হয়নি।
কমান্ডার কর্নেল ডেভিড মিলার বলেন, ইরাকে একবার ম্যানিং উত্তেজিত হয়ে টেবিল উল্টিয়ে দিয়েছিলেন এবং তাঁকে ধরে সংযত করতে হয়েছিল। তবে তিনি তখন ঘটনাটি জানতেন না।
ম্যানিংয়ের দণ্ডাদেশের এ শুনানি ২৩ আগস্ট পর্যন্ত চলার কথা। তাঁর আইনজীবী ডেভিড কুম্বস বলেছেন, তাঁর মক্কেল এ সপ্তাহেই একটি বিবৃতি দেবেন। এএফপি।