ম্যানিংয়ের ৩৫ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বদেশের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও তথ্য চুরির অপরাধে মার্কিন সামরিক বাহিনীর সাবেক সদস্য ব্র্যাডলি ম্যানিংয়ের ৩৫ বছরের কারাদণ্ড হয়েছে। গতকাল বুধবার এ রায় ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফোর্ট মিডে এক সামরিক আদালতে এ মামলার বিচার চলে।
গোপনীয়তাবিরোধী ওয়েবসাইট উইকিলিকসকে লাখ লাখ গোপন নথি সরবরাহের অভিযোগ সামরিক আদালতে বিচার হয় ম্যানিংয়ের। ২৫ বছর বয়স্ক ম্যানিং এই অভিযোগের সত্যতা স্বীকার করে কয়েক দিন আগে আদালতে দুঃখ প্রকাশও করেছেন। ইরাক যুদ্ধে অংশ নেওয়ার সময় তিনি নথিগুলো উইকিলিকসের কাছে সরবরাহ করেন।
গত ২০ জুলাই আদালতে ম্যানিংয়ের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও চুরিসংক্রান্ত ২০টি অভিযোগ প্রমাণিত হয়। তবে তাঁর বিরুদ্ধে ‘শত্রুকে সহায়তা’ করার অভিযোগ প্রমাণ হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা আগে বলেছিলেন, ম্যানিংয়ের বিরুদ্ধে যেসব অভিযোগ প্রমাণিত হয়েছে, তাতে তাঁকে ৯০ বছর পর্যন্ত কারাভোগ করতে হতে পারে। সরকারি অভিযোক্তারা ৬০ বছর দণ্ড চেয়েছিলেন। তাঁরা বলছেন, এ রকম দীর্ঘ মেয়াদের দণ্ড অন্যদের স্পর্শকাতর তথ্য ফাঁসে নিরুৎসাহিত করবে।
অনেকেই ব্র্যাডলি ম্যানিংয়ের পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন। অনেক মানবাধিকার সংগঠনের মতে, ম্যানিং সঠিক কাজই করেছেন।
ম্যানিংয়ের সরবরাহ করা গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয় উইকিলিকস। রয়টার্স।