ম্যানিংয়ের বিচার হবে সামরিক আদালতেই
উইকিলিকসকে গোপন তথ্য পেতে সহযোগিতা করার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাবাহিনীর সদস্য ব্রাডলি ম্যানিংয়ের বিচার সামরিক আদালতেই হবে।গত শুক্রবার মার্কিন বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ম্যানিংকে সামরিক আদালতে বিচারের সুপারিশ অনুমোদন করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ম্যানিংয়ের বিচারের পথ উন্মুক্ত হলো। এখন তাঁর বিচার শুরুর দিন ঠিক করা হবে।মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর বিচার বিভাগ এখন একজন সেনা বিচারক নিয়োগ করবে। এরপর বিচারক অভিযোগ গঠন ও শুনানির দিন ধার্য করবেন।ম্যানিংয়ের বিরুদ্ধে শত্রুকে সহযোগিতা করা, সরকারি সম্পত্তি বা গোপন নথি চুরি, গোয়েন্দা তথ্য ইন্টারনেটে প্রকাশসহ আরও অনেক অভিযোগ আনা হবে।মার্কিন এক গোয়েন্দা কর্মকর্তা গত মাসে সুপারিশ করেন, সামরিক আদালতেই ম্যানিংয়ের বিচার হওয়া উচিত। তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, তা সামরিক আইনের লঙ্ঘন বলে মনে করার মতো যথেষ্ট কারণ আছে। দোষী সাব্যস্ত হলে ম্যানিংয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হতে পারে।২৪ বছর বয়সী ম্যানিং ২০০৯ সালের নভেম্বর থেকে পরের বছরের মে মাস পর্যন্ত ইরাকে মোতায়েন ছিলেন। সে সময় এই গোয়েন্দা বিশ্লেষক ইরাক, আফগানিস্তানসহ বিভিন্ন বিষয়ে কয়েক লাখ মার্কিন গোপন নথি উইকিলিকসের হাতে তুলে দেন বলে অভিযোগ করা হয়েছে। এএফপি।