ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও আশপাশের এলাকাগুলোতে ভয়াবহ বন্যার কবলে পড়া লাখ লাখ লোকের সহায়তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার। দেশটির কর্মকর্তারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া প্রায় তিন লাখ লোকের মধ্যে জরুরি সেবা পৌঁছাতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রতি আবেদন জানিয়েছেন। ম্যানিলাসহ আশপাশের বন্যাকবলিত এলাকাগুলোতে বিপর্যয়কর অবস্থা ঘোষণা করা হয়েছে।গত কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশটিতে ব্যাপক বন্যা ও ভূমিধসের ফলে এ পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফিলিপাইন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ৩০টি শহর ও ১৬টি প্রদেশের প্রায় ২০ লাখ লোক বন্যাদুর্গত হয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে পাঁচ লাখ লোক বর্তমানে বিভিন্ন আশ্রয়কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছে। বন্যায় ত্রাণ কার্যক্রম চালাতে বিভিন্ন সংস্থার কাছে সহায়তা চেয়েছে সরকার। এরই মধ্যে নগদ অর্থ, খাদ্য, বোতলজাত পানি, ওষুধ, কাপড়-চোপড়, কম্বলসহ বিভিন্ন ত্রাণসামগ্রী গ্রহণ করা শুরু হয়েছে। ফিলিপাইনের দুর্যোগ মোকাবিলাবিষয়ক সংস্থার প্রধান বেনিতো রামোস বলেছেন, বন্যা-পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। তিনি বলেন, বৃষ্টিপাত এখনই থেমে গেলে কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে। তবে আরও বৃষ্টিপাত হলে কী হবে তা কেউই জানে না। বিবিসি।