ম্যান্ডেলা অবশেষে হাসপাতাল ছেড়ে নিজের বাসায়

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা অবশেষে হাসপাতাল ছেড়ে নিজের বাসায় গিয়েছেন। গতকাল রোববার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইটে এ খবর দিয়েছে।
ম্যান্ডেলা ইতিমধ্যেই হাসপাতাল ছেড়েছেন বলে প্রচারিত খবরের সত্যতা অস্বীকার করার এক দিন পরই প্রেসিডেন্টের দপ্তর এ কথা জানাল। প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, ম্যান্ডেলার অবস্থা এখনো সংকটাপন্ন এবং মাঝেমধ্যে অস্থিতিশীল।
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা গত ৮ জুন থেকে প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নতুন করে ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি মেডি ক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি হন।
প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে বলা হয়, ম্যান্ডেলার চিকিৎসকেরা এ মর্মে নিশ্চিত হয়েছেন যে তিনি এখন বাসায় হাসপাতালের মতোই নিবিড় সেবা পেতে পারেন। তাঁর জোহানেসবার্গের হাউটন এলাকার বাড়িতে নিবিড় পরিচর্যার সুযোগ-সুবিধা স্থাপন করা হয়েছে। একই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁর পরিচর্যা করবেন। প্রয়োজনে তাঁকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। বিবিসি।