ম্যান্ডেলা আবারও হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। ৯৪ বছর বয়সী ম্যান্ডেলা ফুসফুসে সংক্রমণজনিত রোগে ভুগছেন। এ সমস্যার পুনরাবৃত্তির চিকিৎসার জন্য গত বুধবার মধ্যরাতের কিছু আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে হাসপাতালের নাম উল্লেখ করা হয়নি। চিকিৎসকেরা তাঁর সর্বোচ্চ যত্ন নিচ্ছেন বলে সরকারি সূত্র জানিয়েছে। প্রেসিডেন্ট জুমার মুখপাত্র ম্যাক মহারাজ বলেন, হাসপাতালে ভর্তির সময় ম্যান্ডেলা সচেতন অবস্থায় ছিলেন। চলতি মাসের শুরুর দিকে ‘স্বাস্থ্য পরীক্ষার’ জন্য ম্যান্ডেলাকে হাসপাতালে যেতে হয়েছিল। এ ছাড়া তিনি গত ডিসেম্বরে প্রায় তিন সপ্তাহ হাসপাতালে ছিলেন। ম্যান্ডেলার দ্রুত আরোগ্য কামনা করে প্রেসিডেন্ট জুমা বলেছেন, ‘আমাদের প্রিয় ম্যান্ডেলা (মাদিবা) ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করতে সবার প্রতি আবেদন জানাই। তাঁর সুস্থতা নিশ্চিত করতে চিকিৎসক দল সম্ভাব্য সব চেষ্টাই করবে। এ ব্যাপারে আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’শান্তিতে ১৯৯৩ সালে নোবেলজয়ী ম্যান্ডেলার শারীরিক অবস্থা সম্প্রতি নাজুক হয়ে পড়েছে। তাঁর পাকস্থলী ও ফুসফুসে জটিলতা ধরা পড়েছে। বর্ণবৈষম্যের যুগে ১৯৮৮ সালে কারাবন্দী অবস্থায় তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন। এএফপি, এপি ও বিবিসি।