ম্যান্ডেলা আমার অনুপ্রেরণা: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেলসন ম্যান্ডেলা বিশ্বজুড়ে কৃষ্ণাঙ্গদের অনুপ্রাণিত করেছেন। তরুণ বয়সে তাঁর কথা ও কাজে অনুপ্রাণিত হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাও।
ম্যান্ডেলার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি অকুণ্ঠ চিত্তে সেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ‘কোটি মানুষ ম্যান্ডেলার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন। আমি তাঁদের একজন। আমি জীবনে প্রথম যে রাজনৈতিক কাজ করেছিলাম, তা হলো বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাঁর কথা ও লেখা আমি বারবার পড়েছি।’
ওবামা বলেন, ম্যান্ডেলা তাঁর মামলার শুনানি চলাকালে (১৯৬৪) কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম। একই সঙ্গে আমি কৃষ্ণাঙ্গদের কর্তৃত্বের বিরুদ্ধেও সোচ্চার হয়েছি।’ কাঠগড়ায় তিনি আরও বলেছিলেন, ‘গণতান্ত্রিক ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন সযত্নে লালন করেছি, যেখানে সব মানুষ সুখে-শান্তিতে বাস করবে এবং সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। এ এমন এক আদর্শ, যার জন্য আমি বেঁচে থাকার আশা করি। আবার এই আদর্শের জন্য প্রয়োজনে আমি মরতেও প্রস্তুত।’
ওবামা বলেন, নেলসন ম্যান্ডেলা ওই আদর্শের জন্য বেঁচেছিলেন এবং সেই আদর্শকে তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন। ম্যান্ডেলা তাঁর জীবনে প্রত্যাশার চেয়ে অনেক বেশি অর্জন করেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজ তিনি চলে গেছেন। আমরা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী, সাহসী ও মহৎপ্রাণ ব্যক্তিদের একজনকে হারিয়েছি। তিনি আর আমাদের নন—তিনি মহাকালের।’
প্রথম মার্কিন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বলেন, ‘অন্যদের স্বাধীনতার জন্য নিজের স্বাধীনতা উৎসর্গ করার অদম্য ইচ্ছার মাধ্যমে মাদিবা দক্ষিণ আফ্রিকাকে বদলে দিয়েছিলেন—আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছিলেন।’ বিবিসি।