ম্যান্ডেলা হাসপাতাল ছেড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা আজ রোববার হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন।
বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশটির প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইটে ম্যান্ডেলার হাসপাতাল ছাড়ার খবর নিশ্চিত করা হয়েছে।
প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, ম্যান্ডেলার অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল। প্রিটোরিয়ার হাসপাতালে থাকতে তিনি যে সেবা পেতেন, বাড়িতেও একই পর্যায়ের সেবা পাবেন বলে তাঁর চিকিত্সক দল জানিয়েছে। এ জন্য তাঁর বাসভবনকে চিকিত্সা উপযোগী করে তোলা হয়েছে। প্রয়োজনে তাঁকে আবার হাসপাতালে ভর্তি করা হবে।
এর আগে ম্যান্ডেলার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তিনি হাসপাতাল থেকে জোহানেসবার্গের বাড়িতে ফিরেছেন। এর পরই গতকাল শনিবার প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে এ খবরকে ‘অসত্য’ উল্লেখ করে একটি বিবৃতি দেওয়া হয়।
ম্যান্ডেলা ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ৮ জুন প্রিটোরিয়ার মেডি-ক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তথ্যের একমাত্র দাপ্তরিক উত্স প্রেসিডেন্টের দপ্তর।