ম্যান্ডেলাকে হত্যাচেষ্টার মামলার রায় ঘোষণা চলছে
দক্ষিণ আফ্রিকার ২০ জন ডানপন্থী উগ্রবাদীর শাস্তি হচ্ছে। তাঁদের বিরুদ্ধে গতকাল সোমবার আদালতে রায় ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে হত্যাচেষ্টা এবং কৃষ্ণাঙ্গদের দেশছাড়া করার ষড়যন্ত্রের ঘটনায় অভিযোগ আনা হয়। ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁরা আদালতে দোষী সাব্যস্ত হন।
দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা ‘বোয়েরিমাগ’ নামের একটি সংগঠনের সদস্য। ২০০২ সালে সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিল সংগঠনটি। ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান হয়। প্রায় এক দশক ধরে বিচার চলার পর গত বছরের আগস্টে সংগঠনটির সদস্যদের দোষী সাব্যস্ত করা হয়।
দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের বিচারক ইবেন জোরডান গতকাল দুই দিনব্যাপী রায় ঘোষণার প্রক্রিয়া শুরু করেন। প্রিটোরিয়ার যে আদালতকক্ষে ১৯৬৪ সালে ম্যান্ডেলাকে রাষ্ট্রদ্রোহের মামলায় দোষী সাব্যস্ত করা হয়, সেই কক্ষেই এই রায় ঘোষণা শুরু হয়। ইবেন জোরডান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা সহিংসতাসহ অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে সরকারকে উৎখাতের লক্ষ্য নিয়েছিলেন। তাঁরা তাঁদের বিপরীত বর্ণের মানুষের বিরুদ্ধে সহিংস হামলার পরিকল্পনা করেছিলেন। এ কারণে নিশ্চিতভাবেই শেতাঙ্গদের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ঘটনা ঘটত।
২০০২ সালের অক্টোবরে জোহানেসবার্গের উপকণ্ঠ সোয়েটোতে বোমা হামলায় এক নারী নিহত ও কয়েক ডজন লোক আহত হয়। অভিযুক্ত ২০ জনই রাষ্ট্রদ্রোহের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তাঁদের মধ্যে মাত্র পাঁচজনকে ওই হত্যা ঘটনায় এবং শান্তিতে নোবেলজয়ী ম্যান্ডেলাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়।
দক্ষিণ আফ্রিকায় মৃত্যুদণ্ডের বিধান নেই। রাষ্ট্রপক্ষ সংগঠনটির নেতা ও বোমা বিশেষজ্ঞদের যাবজ্জীবন এবং অন্যদের ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়ার আবেদন জানিয়েছে। এএফপি।