ম্যান্ডেলার অবস্থা আগের চেয়ে ভালো
বর্ণবাদবিরোধী আন্দোলনের অবি-সংবাদিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অবস্থা এখন আগের চেয়ে ভালো। তিনি ‘সন্তোষজনকভাবে’ সেরে উঠছেন। গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, ম্যান্ডেলা ক্রমান্বয়ে সেরে উঠছেন এবং তাঁর অবস্থার উন্নতিতে চিকিৎসকেরা সন্তোষ প্রকাশ করেছেন। এতে বলা হয়, ম্যান্ডেলার চিকিৎসকেরা বলেছেন, ২৭ মার্চ হাসপাতালে ভর্তির সময় তাঁর যে অবস্থা ছিল, সে তুলনায় এখন তাঁর অবস্থা অনেক ভালো। ম্যান্ডেলার সঙ্গে তাঁর পরিবারের সদস্যরা দেখা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। ম্যান্ডেলা কোন হাসপাতালে ভর্তি আছেন, সে বিষয়ে দক্ষিণ আফ্রিকার সরকার কোনো কিছু জানায়নি। তা ছাড়া কবে নাগাদ ম্যান্ডেলাকে হাসপাতাল থেকে ছাড়া হবে, সে বিষয়েও তারা কিছু জানায়নি। ফুসফুসের সংক্রমণের জন্য সপ্তাহ খানেক আগে ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত ডিসেম্বরের পর থেকে এ নিয়ে তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হলেন তিনি। গত সপ্তাহে চিকিৎসকেরা ম্যান্ডেলার ফুসফুস থেকে পানি অপসারণ করেন। এর ফলে তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। গত মাসে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে এক দিন কাটিয়েছেন ম্যান্ডেলা। আর ডিসেম্বরে ফুসফুসের সংক্রমণ ও পিত্তথলির পাথরের সমস্যার জন্য ১৮ দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এএফপি।