ম্যান্ডেলার অবস্থা এখনো সংকটাপন্ন

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার গুরুতর শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে। এই নেতাকে গতকাল বুধবার হাসপাতালে দেখার পর আজ বৃহস্পতিবার মোজাম্বিক সফর বাতিল করেছেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা।
দ্য সিটিজেন পত্রিকা ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসির এক খবরে জানানো হয়, ৯৪ বছর বয়সী বর্ণবাদবিরোধী আন্দোলনের এই মহান নেতাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে গণমাধ্যমের এই প্রতিবেদন সম্পর্কে প্রেসিডেন্টের দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে পড়ার পর ৮ জুন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে প্রিটোরিয়া হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়।
বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়, ম্যান্ডেলার শারীরিক অবস্থা পরিদর্শনে গতকাল রাতে ওই হাসপাতালে যান প্রেসিডেন্ট জুমা। ম্যান্ডেলার সার্বিক অবস্থা সম্পর্কে জুমাকে জানান হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকেরা। তাঁরা ম্যান্ডেলাকে সুস্থ করে তোলার জন্য সম্ভাব্য সবকিছুই করে যাচ্ছেন।
একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে আজ মোজাম্বিক যাওয়ার কথা ছিল জুমার। ম্যান্ডেলার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।
হাসপাতালে গতকাল ম্যান্ডেলাকে দেখে এসেছেন এমন দুজন জানান, তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে। যন্ত্রের সাহায্যে তাঁকে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।
আরেকটি সূত্র জানায়, ম্যান্ডেলার কিডনি অকেজো হয়ে গেছে। এক দিন পর পর তাঁকে তিন ঘণ্টা করে ডায়ালাইসিস করতে হচ্ছে। সূত্র জানায়, ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন। হূদরোগ, ফুসফুস ও কিডনি বিশেষজ্ঞসহ চিকিৎসকদের একটি দল তাঁর চিকিৎসা করে যাচ্ছে। কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়ার যন্ত্রটি খুলে ফেলার বিষয়টি নিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসকেরা কথা বলেছেন।
বর্ণবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের সময় ২৭ বছর কারাগারে ছিলেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে তিনি মুক্তি পান। ১৯৯৩ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৯৪ সালে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।