
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা ‘স্থিতিশীল, তবে সংকটাপন্ন’। চিকিৎসায় এখনো সাড়া দিচ্ছেন তিনি। দেশটির সরকার গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে।
গতকাল ম্যান্ডেলাকে দেখার পর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা ওই বিবৃতি দেন। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। এর বেশি কিছু জানানো হয়নি।
ফুসফুসের সংক্রমণের কারণে তিন মাস চিকিৎসা দেওয়ার পর ৯৫ বছর বয়সী ম্যান্ডেলাকে গত সেপ্টেম্বরে হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হয়। বর্তমানে সেখানেই নিবিড় পরিচর্যায় আছেন তিনি।
রোববার ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা বলেন, ম্যান্ডেলা এখনো বেশ অসুস্থ। কথা বলতে পারছেন না। ইশারা-ইঙ্গিতের মাধ্যমে বার্তা দিচ্ছেন। লাইফ সাপোর্ট-ব্যবস্থা সরিয়ে নেওয়া হলেও ম্যান্ডেলার মুখে লাগানো নলের সাহায্যে তাঁর ফুসফুস থেকে বর্জ্য তরল সরিয়ে নেওয়া হয়। এএফপি।