ম্যান্ডেলার অবস্থার 'উন্নতি অব্যাহত'
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার ‘উন্নতি অব্যাহত আছে’ বলে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানিয়েছেন। গতকাল রোববার জোহানেসবার্গের কাছে একটি শোভাযাত্রায় যোগ দেওয়ার পর সেখানে দেওয়া বক্তব্যে জুমা এ কথা বলেন।
প্রেসিডেন্ট জুমা বলেন, ‘আমরা আনন্দিত যে তাঁর (ম্যান্ডেলা) অবস্থার উন্নতি অব্যাহত আছে।’ তিনি বলেন, চিকিৎসকেরা বলছেন, যদিও তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন, তথাপি গত দুই দিনে তিনি উন্নতির অবস্থা ধরে রেখেছেন। তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে ভাব বিনিময় করতে পারছেন।
এর আগে গত শনিবার ম্যান্ডেলাকে হাসপাতালে দেখে আসার পর তাঁর নাতি মান্ডলা ম্যান্ডেলা সাংবাদিকদের বলেন, ম্যান্ডেলাকে দেখে ‘ভালো মনে হচ্ছে’।
ফুসফুসে সংক্রমণের জন্য সম্প্রতি ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এএফপি।:n:
বিক্ষোভকারীদের ফের গেজি পার্ক থেকে হটিয়ে দিল পুলিশ:h:
তুরস্কের সরকারবিরোধী বিক্ষোভের কেন্দ্রস্থল ইস্তাম্বুলের গেজি পার্কে সাঁড়াশি অভিযান চালিয়ে আন্দোলনকারীদের আবার হটিয়ে দিয়েছে পুলিশ। শনিবার রাতভর সংঘর্ষের পর গতকাল রোববার সেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়।
প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান গত শনিবার বিকেলে রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক সমাবেশে বিক্ষোভকারীদের গেজি পার্ক ছেড়ে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেন। বিক্ষোভকারীরা এতে রাজি না হওয়ায় দুই ঘণ্টা পরই পুলিশ অভিযান শুরু করে। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। ব্যবহার করা হয় জলকামানও। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কয়েক মিনিটেই পার্ক খালি হয়ে যায়। এএফপি।