ম্যান্ডেলার অবস্থার ‘উন্নতি অব্যাহত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার ‘উন্নতি অব্যাহত আছে’ বলে দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানিয়েছেন। গতকাল রোববার জোহানেসবার্গের কাছে একটি শোভাযাত্রায় যোগ দেওয়ার পর সেখানে দেওয়া বক্তব্যে জুমা এ কথা বলেন। প্রেসিডেন্ট জুমা বলেন, ‘আমরা আনন্দিত যে তাঁর (ম্যান্ডেলা) অবস্থার উন্নতি অব্যাহত আছে।’ তিনি বলেন, চিকিৎসকেরা বলছেন, যদিও তাঁর অবস্থা এখনো সংকটাপন্ন, তথাপি গত দুই দিনে তিনি উন্নতির অবস্থা ধরে রেখেছেন। তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে ভাব বিনিময় করতে পারছেন।এর আগে গত শনিবার ম্যান্ডেলাকে হাসপাতালে দেখে আসার পর তাঁর নাতি মান্ডলা ম্যান্ডেলা সাংবাদিকদের বলেন, ম্যান্ডেলাকে দেখে ‘ভালো মনে হচ্ছে’।ফুসফুসে সংক্রমণের জন্য সম্প্রতি ম্যান্ডেলাকে প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এএফপি।