ম্যান্ডেলার কারামুক্তির ২০তম বার্ষিকী পালিত
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কারামুক্তির ২০তম বার্ষিকী। তাঁর কারামুক্তি ছিল বর্ণবাদ অবসানের পথে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।শান্তিতে নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলা তাঁর ২৭ বছরের কারাজীবনের শেষ দিনগুলো যে কারাগারে কাটিয়েছিলেন, সেই কারাগারের সামনে থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা ওই শোভাযাত্রায় নেতৃত্ব দেন।সহিংসতার মাধ্যমে সরকার উত্খাতের ষড়যন্ত্রের দায়ে ১৯৬৪ সালে নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। কারাজীবনের অধিকাংশ সময় তিনি ছিলেন রোবেন দ্বীপের কারাগারে। মুক্তির পর ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন নেলসন ম্যান্ডেলা।মুক্তির আগে কেপটাউনের প্রায় ৩১ মাইল দূরে অবস্থিত ভিক্টর ভারস্টার কারাগারে ছিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত ওই নেতা। তাঁর কারামুক্তির ২০তম বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে সেখানে জড়ো হন অনেক দক্ষিণ আফ্রিকান। সমবেত জনতার উদ্দেশে দেওয়া ভাষণে সাবেক বর্ণবাদবিরোধী কর্মী সাইরিল রামপোসা বলেন, আজকের দিনটি উদ্যাপনের দিন।নেলসন ম্যান্ডেলা কারাগার থেকে বের হওয়ার সময় যাঁরা তাঁকে ওই দিন স্বাগত জানিয়েছিলেন, তাঁদের মধ্যে রামপোসাও ছিলেন।ম্যান্ডেলার কারামুক্তির ২০তম বার্ষিকী উপলক্ষে দক্ষিণ আফ্রিকার সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা প্রকাশ করে। বেশির ভাগ বেতার ও টেলিভিশন ভিক্টর ভারস্টার কারাগারের সামনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠান সরাসরি প্রচার করে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ শোনার জন্য বৃহস্পতিবার দিনের শেষে পার্লামেন্টে যান নেলসন ম্যান্ডেলা।কারাগারে থাকাকালে বর্ণবাদবিরোধী সংগ্রামের আন্তর্জাতিক প্রতীকে পরিণত হন নেলসন ম্যান্ডেলা। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি তাঁকে কারাগার থেকে মুক্তি দেয় দক্ষিণ আফ্রিকা সরকার। সূত্র: বিবিসি ও এএফপি।