
১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি নিঃশর্ত মুক্তির আগে নেলসন ম্যান্ডেলার ২৭টি বছর কাটে কারাগারে। আর দীর্ঘ এই কারাজীবনের ১৮ বছরই কেটেছে নির্জন রোবেন দ্বীপে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এখন শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত এই নেতা। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল রোববার সেই রোবেন দ্বীপে গেলেন বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।ওবামা বলেন, রোবেন আইল্যান্ড সফরে তিনি অত্যন্ত অবনমিত বোধ করছেন। এখানকার কারাগারে বর্ণবাদী সরকারের বন্দী হিসেবে ম্যান্ডেলা ২৭ বছরের কারাবন্দী জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে প্রেসিডেন্ট ওবামা বলেন, কোনো শৃঙ্খলা যে মানুষের চেতনাকে দমিয়ে রাখতে পারবে না, রোবেন আইল্যান্ডের বাসিন্দারা সে কথাই মনে করিয়ে দেয়।এদিকে প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ম্যান্ডেলার অবস্থা গতকালও ছিল সংকটাপন্ন, তবে স্থিতিশীল। গতকালও তাঁর নিজ গ্রাম ইস্টার্ন কেপ প্রদেশের কুনুতে গ্রামবাসী তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করে। তিন সপ্তাহ ধরে প্রিটোরিয়ার ওই হাসপাতালেই আছেন ফুসফুসের সংক্রমণে আক্রান্ত দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রেসিডেন্ট। শান্তিতে আরেক নোবেলজয়ী ও ম্যান্ডেলার বন্ধু দক্ষিণ আফ্রিকার দেসমন্ড টুটু গতকাল বলেছেন, ম্যান্ডেলা একজন অবিশ্বাস্য, অবিশ্বাস্য ব্যক্তি, যিনি হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণেও দেশবাসীকে ঐক্যবদ্ধ করে চলেছেন। কেপটাউনে এক প্রদর্শনী উদ্বোধনকালে টুটু এ কথা বলেন।
রোবেন দ্বীপ পরিদর্শনকালে ওবামা কারাগারের পরিদর্শক খাতায় লেখেন, ‘ম্যান্ডেলার মতো সাহসী লোকদের ওপর যেখানে অবিচার চালানো হয়েছে এবং মুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধাভরে মাথা অবনত করলাম।’ এ সময় মিশেল ওবামাও তাঁর সঙ্গে ছিলেন।
দক্ষিণ আফ্রিকার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন রোবেন দ্বীপের দূরত্ব কেপটাউন শহর থেকে প্রায় সাত কিলোমিটার। রোবেন ডাচ্ শব্দ। এর অর্থ ‘নিষিদ্ধ’। প্রায় ডিম্বাকৃতির এ দ্বীপটি দৈর্ঘ্যে উত্তর-দক্ষিণে ৩ দশমিক ৩ কিলোমিটার আর প্রস্থে ১ দশমিক ৯ কিলোমিটার। আয়তন পাঁচ বর্গকিলোমিটারের কিছু বেশি।
১৯৬৪ সালের জুনে নাশকতার পরিকল্পনার অভিযোগ এনে ম্যান্ডেলাকে দোষী সাব্যস্ত করে পাঠানো হয় ‘নিষিদ্ধ দ্বীপে’ (রোবেন)। সেখানে ৮ বাই ৭ ফুটের একটি কক্ষে তাঁকে রাখা হয়। ওই কক্ষেই তাঁর ১৮ বছর কেটেছে। মাত্র একটি খড়ের মাদুর ও মলমূত্র ত্যাগের জন্য একটি বালতিই ছিল ওই সেলের আসবাব।
রোবেন দ্বীপের কারাগার পরিদর্শন শেষে গতকালই কেপটাউন বিশ্ববিদ্যালয়ে ম্যান্ডেলার জীবনের আদর্শ তুলে ধরে ভাষণ দেওয়ার কথা ওবামার। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা পৌঁছান ওবামা। আল-জাজিরা, রয়টার্স ও এএফপি।