ম্যান্ডেলার জন্য উদ্বেগ-উৎকণ্ঠা

দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে দেশটির সরকার, সরকারপ্রধান ও ম্যান্ডেলার পরিবারের সদস্যরা ভিন্ন ভিন্ন খবর দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে তাঁর সর্বশেষ অবস্থা জানতে অধীর আগ্রহে অপেক্ষা ও উদ্বেগ-উৎকণ্ঠায় আছে ম্যান্ডেলার দেশবাসী এবং সারা বিশ্বের মানুষ।
ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হওয়ার পর ৮ জুন ম্যান্ডেলাকে রাজধানী প্রিটোরিয়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এর পর থেকে তাঁর সর্বশেষ অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তথ্য দিয়ে যাচ্ছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। তবে গতকাল শুক্রবার সেখান থেকে কিছু জানানো হয়নি।
এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ম্যাক মহারাজ জানান, ৪৮ ঘণ্টায় ম্যান্ডেলার অবস্থার আরও অবনতি হয়েছে। কিন্তু ওই দিনই প্রেসিডেন্ট জ্যাকব জুমা জানান, ম্যান্ডেলার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে অবস্থা এখনো সংকটাপন্ন। ঠিক একই দিন ম্যান্ডেলার বড় মেয়ে ম্যাকাজিউয়ি ম্যান্ডেলা হাসপাতালে বাবাকে দেখে এসে সাংবাদিকদের জানান, তাঁর বাবার অবস্থা খুবই সংকটাপন্ন। যখন-তখন যেকোনো কিছু ঘটতে পারে। প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কার্যালয় ও ম্যান্ডেলা পরিবারের সদস্যদের
এমন ভিন্ন ভিন্ন তথ্যে মানুষের মধ্যে বিভ্রান্তি যেমন ছড়িয়ে পড়ছে, তেমনি এতে বাড়ছে উদ্বেগ। ম্যান্ডেলার অবস্থার উন্নতি হয়েছে জানিয়েও প্রেসিডেন্ট যখন তাঁর বিদেশ সফর বাতিল করলেন, তখন মানুষের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে।
এদিকে ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা-ম্যান্ডেলা গতকাল বলেছেন, সাম্প্রতিক দিনগুলোয় ম্যান্ডেলার স্বাস্থ্যের উন্নতি হলেও তিনি এখনো বেশ অসুস্থ।
এ অবস্থায় প্রিটোরিয়ার ওই ক্লিনিকের সামনে মানুষের ভিড় আরও বাড়ছে। তারা সেখানে প্রার্থনা করছে ম্যান্ডেলার জন্য, গাইছে জাতীয় সংগীত। আর শুভকামনায় ফুল দিয়ে ঢেকে দিচ্ছে হাসপাতালের সীমানাপ্রাচীর। ৯৪ বছর বয়সী ম্যান্ডেলার প্রতি সম্মান জানিয়ে হাসপাতালের বাইরে জড়ো হওয়া শিশুরা গতকাল ৯৪টি বেলুন উড়িয়ে দিয়েছে। মানুষজন একই সঙ্গে উদ্বিগ্ন, আবার ম্যান্ডেলার জীবন ও কর্ম নিয়ে গর্বিতও। সব মিলিয়ে হাসপাতালের বাইরে এবং পুরো দেশ একটি মিশ্র অনুভূতির মধ্যে আছে।
৫৭ বছর বয়সী নারী নোমলাহলা ডনরি হাসপাতালের সামনে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এখানে আমাদের মধ্যে কোনো কষ্ট নেই। সবাই উৎসব করছে। তিনি (ম্যান্ডেলা) মহামানব।’
আর স্থানীয় বাসিন্দা আলফ্রেড মাকাহথিনি রয়টার্সকে বলেন, ‘তিনি আজীবন বেঁচে থাকুন। কারণ, আমরা তাঁকে ভালোবাসি। তিনি আমাদের জন্য অনেক অনেক করেছেন। তাই আমরা টাটাকে (বাবা) সত্যিকার ভালোবাসি।’
দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবাদ বিলোপের দীর্ঘ আন্দোলনের সময় ২৭ বছর রোবেন দ্বীপে কারাবন্দী ছিলেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে মুক্তি পেয়ে ১৯৯৪ সালের নির্বাচনে তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। এর আগে ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।
ওবামার বিরুদ্ধে বিক্ষোভ: আফ্রিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল রাতে সেনেগাল থেকে দক্ষিণ আফিকায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার সেখানে পৌঁছানোর আগেই গতকাল তাঁর বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানীতে। প্রিটোরিয়ার যে হাসপাতালে ম্যান্ডেলা চিকিৎসাধীন, সেই হাসপাতালের বাইরে বিক্ষোভ করে ছাত্র ও শ্রমিকদের বিভিন্ন সংগঠন এবং কমিউনিস্ট পার্টির নেতা-কর্মীরা।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে হাসপাতালে দেখতে যেতে পারেন। তবে ওবামা বলেছেন, ম্যান্ডেলার পরিবার যখন তাঁকে নিয়ে ব্যস্ত, তখন তিনি কোনোভাবেই তাঁদের বিরক্ত করতে চান না। সেখানে গিয়ে ছবি তোলারও ইচ্ছা নেই তাঁর। এএফপি, রয়টার্স ও বিবিসি।