ম্যান্ডেলার জীবনের কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা

বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার বর্ণাঢ্য জীবন ও তাঁর অসামান্য অর্জনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বিশ্ব। তাঁর জীবনের গৌরবগাথা এখন বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বর্ণবৈষম্যের অবসানে তাঁর সংগ্রামের ইতিহাস সুদীর্ঘ। এখানে ম্যান্ডেলা সম্পর্কে কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরা হলো
১.
ম্যান্ডেলা প্রায় ২৭ বছর কারাগারে কাটিয়েছেন। এর মধ্যে ১৯৬৪ থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি রোবেন দ্বীপে বন্দী ছিলেন। সেখানে তাঁকে জোরপূর্বক পাথর ভাঙার কাজে বাধ্য করা হতো। ম্যান্ডেলাকে দুই মিটার দৈর্ঘ্য ও আড়াই মিটার প্রস্থের একটি কারাপ্রকোষ্ঠে বন্দী রাখা হয়েছিল। কক্ষটির মেঝেতে একটি বিছানা আর প্রাকৃতিক কাজকর্ম সারার জন্য একটি বালতি ছাড়া আর কিছুই ছিল না। বছরে মাত্র একজন দর্শনার্থীর সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হতো। আর প্রতি ছয় মাসে তিনি বাইরে একটি চিঠি পাঠাতে পারতেন কিংবা বাইরের একটি চিঠি গ্রহণ করতে পারতেন। যোগাযোগের ওপর এত সব বিধিনিষেধের পরও ম্যান্ডেলা কারাগারেই আইন বিষয়ে পড়াশোনা চালিয়ে যান। কারাগার থেকে বিক্ষোভ সংঘটিত করেছেন এবং বর্ণবাদবিরোধী আন্দোলনকে এগিয়ে নিতে মদদ জুগিয়েছেন।
২.
ছাত্রবিক্ষোভে যোগ দেওয়ায় ম্যান্ডেলাকে ইউনিভার্সিটি অব ফোর্ট হেয়ার থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তিনি ইউনিভার্সিটি অব সাউথ আফ্রিকা থেকে পড়ালেখা সম্পন্ন করেছিলেন। এরপর তিনি উয়িটস ইউনিভার্সিটি থেকে আইনের ওপর ডিগ্রি নেন।
৩.
তেমবু গোত্রের প্রধান জঙ্গিনতাবা দালিনদিয়েবো ম্যান্ডেলাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। বিয়ে এড়াতে ম্যান্ডেলা ইস্টার্ন কেপ থেকে পালিয়ে জোহানেসবার্গে চলে যান। সেখানে তিনি একটি খনিতে নৈশপ্রহরীর কাজ নেন।
৪.
সত্তরের দশকে ম্যান্ডেলা একটি স্মৃতিকথা লিখেছিলেন। তারই কিছু অনুলিপি তিনি প্লাস্টিকের কৌটায় মুড়িয়ে কারাগারের সবজির বাগানে লুকিয়ে রেখেছিলেন। সে সময় বন্দী ম্যাক মহারাজের মুক্তি পাওয়ার কথা ছিল। ম্যান্ডেলা ভেবেছিলেন, মহারাজকে দিয়ে সেই অনুলিপিগুলো বাইরে পাচার করবেন। তবে কারা কর্তৃপক্ষ ওই বাগানের মধ্যে দেয়াল তৈরি করতে গেলে ওই কৌটা তাদের হাতে পড়ে। এর শাস্তিস্বরূপ ম্যান্ডেলার পড়াশোনার সুযোগ-সুবিধা বাতিল করা হয়।
৫.
শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্তি ছাড়াও ম্যান্ডেলা যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ম্যান্ডেলা ৬০টিরও বেশি সম্মানসূচক ডিগ্রি লাভ করেছেন।
আবুল হোসেন, সূত্র: এবিসি নিউজ