ম্যান্ডেলার নায়িকা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক নেলসন ম্যান্ডেলার জীবনের শেষের কয়েক বছর খুব কাছে ছিলেন মহীয়সী এক নারী। সারাক্ষণ পাশে থেকে তাঁকে সঙ্গ দিয়েছিলেন। চেষ্টা করেছেন আনন্দ দেওয়ার। তাঁর এই সঙ্গী গ্রাসা ম্যাশেল।
জীবনের শেষ দিকে শ্বাসতন্ত্রের সংক্রমণে কাবু হয়ে পড়েছিলেন ম্যান্ডেলা। শেষ কয়েক মাস হাসপাতাল ও নিজ বাসভবনে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। এ সময় গ্রাসা দিনরাত ম্যান্ডেলার শুশ্রূষা করেন। ৫ ডিসেম্বর মৃত্যু এসে নিয়ে গেল তাঁকে, সেদিনও পাশে ছিলেন গ্রাসা। ম্যান্ডেলাকে কুনু গ্রামে সমাহিত করার আগে শেষকৃত্য ও শ্রদ্ধা নিবেদনে প্রায় এক সপ্তাহ পার হয়। এ সময়ও ম্যান্ডেলার মরদেহের কাছে ছায়ার মতো ছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে গ্রাসার বিয়ে হয় ১৯৯৮ সালে। বিয়ের এক বছর পরই প্রেসিডেন্টের মেয়াদ শেষ হলে অবসরে যান ম্যান্ডেলা। তখন স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে থাকেন। গ্রাসার সঙ্গে ১৫ বছরের দাম্পত্যজীবনে দুজন পরস্পরের সাহচর্য খুব উপভোগ করতেন। তাঁদের দাম্পত্য জীবন ছিল আনন্দময়।
বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ২৭ বছর কারাভোগ করেন ম্যান্ডেলা। এরপর মুক্তি। ১৯৯৪ সালে প্রথম নির্বাচনেই প্রেসিডেন্ট হন। এর আগের বছর শান্তিতে নোবেল পান। তত দিনে ম্যান্ডেলার নাম সারা পৃথিবীর মুক্তিকামী কোটি কোটি মানুষের মুখে মুখে। তিনি রংধনুর দেশ দক্ষিণ আফ্রিকার জনকের মর্যাদা লাভ করেন। বর্ণবাদী শ্বেতাঙ্গ শাসককে ক্ষমা করে দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। হয়ে ওঠেন পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রিয় আদর্শ। এই কিংবদন্তির স্ত্রী হয়েও গ্রাসা ছিলেন অনেকটা অন্তরালে। গ্রাসা খুব মেধাবিনী ও গুণবতী নারী; তবে অন্তর্মুখী। পড়াশোনা করেছিলেন মিশনারি স্কুলে। পরে শিশুদের স্কুলে শিক্ষকতা করেছিলেন।
২০০৬ সালে ম্যান্ডেলা ও গ্রাসা সব শিশুর স্কুলে যাওয়া নিশ্চিত করতে ১৫০ কোটি ডলারের একটি প্রকল্পের উদ্বোধন করেন। স্বামীর পাশে থেকে তখন থেকেই তহবিল সংগ্রহে নিরলস পরিশ্রম করেন তিনি। হাফিংটন পোস্ট।