ম্যান্ডেলার পছন্দের খাবার নিয়ে রান্নার বই
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার পছন্দের খাবার নিয়ে একটি রান্নার বই প্রকাশিত হয়েছে। উকুতায়া কাসেখায়া (বাড়ির রান্না) নামের ওই বইটি যৌথভাবে লিখেছেন ম্যান্ডেলার ব্যক্তিগত প্রধান পাচক জোলিসা এবং রান্নাবিষয়ক লেখক আন্না ত্রিপিদো। বইটিতে লেমন ব্রাসেলস স্প্রাউট থেকে শুরু করে আমের সালাদ, নয় প্রকারের সুপ, অরেঞ্জ টার্কি, মুরগির বিভিন্ন ধরনের পদ এবং মাংসের কিমাসহ ম্যান্ডেলার পছন্দের ৬২টি খাবারের প্রস্তুত প্রণালী এবং তাঁর পরিবারের সংক্ষিপ্ত বিবরণী রয়েছে।ম্যান্ডেলার ওই প্রধান পাচক জোলি নামে পরিচিত। মফস্বল শহরে বেড়ে ওঠা এই নারীর প্রথম স্বামী ১৯৯০ সালের সহিংসতায় মারা যান। ম্যান্ডেলার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) প্রতিদ্বন্দ্বী জুলু ইনখাতা ফ্রিডম পার্টির (আইএফপি) ক্ষমতার দ্বন্দ্বে ওই সংঘাত শুরু হয়। তাঁর দ্বিতীয় স্বামী মারা যান গাড়ি দুর্ঘটনায়। তবে সৌভাগ্যক্রমে একদিন ম্যান্ডেলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান জোলি। এ সুবাদে ১৯৯২ সালে তিনি পাচকের কাজ পেয়ে যান ম্যান্ডেলার বাড়িতে। এর দুই বছর পর ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর জোলির হাতের রান্না খেয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ কর্মকর্তা, দেশের বড় বড় নেতাসহ মাইকেল জ্যাকসন, প্রখ্যাত মার্কিন উপস্থাপিকা অপরাহ উইনফ্রের মতো অতিথিরাও। ম্যান্ডেলার মতো জোলিও দক্ষিণ আফ্রিকার দারিদ্র্যপীড়িত ইস্টার্ন কেপ প্রদেশে জন্মগ্রহণ করেন। আর ম্যান্ডেলা জোহানেসবার্গ ছেড়ে জুলাইয়ে নিজ শহর কুনুতে পাড়ি জমালে জোলিও তাঁর সঙ্গে সেখানে চলে যান। ম্যান্ডেলার পরিবারই এখন তাঁর পরিবার। জোলি জানান, নতুন বইয়ে যেসব খাবারের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোই সব নয়। এর বাইরেও অনেক ধরনের খাবার তিনি রান্না করেছেন ম্যান্ডেলার জন্য। ম্যান্ডেলার বিশেষ পছন্দের খাবার কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর বিশেষ কোনো পছন্দ নেই। তবে ঝালযুক্ত খাবারের প্রতি তাঁর বেশ দুর্বলতা ছিল। জোলি জানান, এ ধরনের খাবার পরিবেশন করা কয়েকদিন বন্ধ থাকলেই ম্যান্ডেলা তাঁকে প্রশ্ন করেন, ‘সমস্যাটা কী? কেন আমাকে ঠিকমতো খাওয়াচ্ছো না?’ জোলির মতে, ম্যান্ডেলার পছন্দের এসব খাবারের মধ্যে রয়েছে, ষাঁড়ের লেজের মাংস বিশেষভাবে সিদ্ধ করে তৈরি খাবার, ভুট্টার ভেতরকার শ্বাস বা শিমের সঙ্গে ভুট্টার মোটা দানার আটা দিয়ে তৈরি বিশেষ খাবার। বইটিতে এসব খাবারের প্রস্তুতপ্রণালি রয়েছে। এএফপি।