ম্যান্ডেলার পরিবারের সদস্যদের হাসপাতালে তলব

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা বেড়ে যাওয়ায় গতকাল বুধবার মোজাম্বিক সফর বাতিল করেন দেশটির প্রেসিডেন্ট জ্যাকব জুমা। এর এক দিন পর আজ বৃহস্পতিবার সকালে প্রিটোরিয়ার হাসপাতাল কর্তৃপক্ষের জরুরি তলবের পর ফুলের তোড়া নিয়ে ম্যান্ডেলাকে দেখতে সেখানে যান তাঁর নাতি-নাতনিরা। সিবিএস নিউজের খবরে বলা হয়, গত রোববার দক্ষিণ আফ্রিকার সরকার এক বার্তায় চিকিত্সাধীন ম্যান্ডেলার অবস্থা মারাত্মক থেকে সংকটাপন্ন হয়েছে বলে জানায়। এর তিন দিন পর হাসপাতালে ম্যান্ডেলার পরিবারের সদস্যদের এই আসা-যাওয়া সাবেক প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
এর আগে ‘দ্য সিটিজেন’ পত্রিকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গতকাল বিবিসির এক খবরে জানানো হয়, ৯৪ বছর বয়সী এই মহান নেতাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। তবে গণমাধ্যমের এই প্রতিবেদন সম্পর্কে প্রেসিডেন্টের দপ্তর থেকে কোনো মন্তব্য করা হয়নি।
ফুসফুসের সংক্রমণে অসুস্থ হয়ে পড়ার পর ৮ জুন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে প্রিটোরিয়া হার্ট ক্লিনিকে ভর্তি করা হয়।
বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়, ম্যান্ডেলার শারীরিক অবস্থা পরিদর্শনে গতকাল রাতে ওই হাসপাতালে যান প্রেসিডেন্ট জুমা। ম্যান্ডেলার সার্বিক অবস্থা সম্পর্কে জুমাকে জানান হাসপাতালের সংশ্লিষ্ট চিকিত্সকেরা। তাঁরা ম্যান্ডেলাকে সুস্থ করে তোলার জন্য সম্ভাব্য সবকিছুই করে যাচ্ছেন।
একটি আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে আজ মোজাম্বিক যাওয়ার কথা ছিল জুমার। ম্যান্ডেলার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট।
হাসপাতালে গতকাল ম্যান্ডেলাকে দেখে এসেছেন এমন দুই ব্যক্তি জানান, তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে। যন্ত্রের সাহায্যে তাঁকে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে।
আরেকটি সূত্র জানায়, ম্যান্ডেলার কিডনি অকেজো হয়ে গেছে। এক দিন পরপর তাঁকে তিন ঘণ্টা করে ডায়ালাইসিস করতে হচ্ছে। সূত্র জানায়, ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন। হূদরোগ, ফুসফুস ও কিডনি বিশেষজ্ঞসহ চিকিত্সকদের একটি দল তাঁর চিকিত্সা করছে। কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়ার যন্ত্রটি খুলে ফেলার বিষয়টি নিয়ে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে চিকিত্সকেরা কথা বলেছেন।
বর্ণবাদবিরোধী দীর্ঘ আন্দোলনের সময় ২৭ বছর কারাগারে ছিলেন ম্যান্ডেলা। ১৯৯০ সালে তিনি মুক্তি পান। ১৯৯৩ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৯৪ সালে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।