ম্যান্ডেলার বাসায় ফেরার খবর 'ভুল'
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার খবর সঠিক নয়। তিনি এখনো হাসপাতালেই আছেন। প্রেসিডেন্টের দপ্তর গতকাল শনিবার এ কথা বলেছে।
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলা ফুসফুসের সংক্রমণ নিয়ে গত ৮ জুন প্রিটোরিয়ার মেডি-ক্লিনিক হার্ট হাসপাতালে ভর্তি হন। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে তথ্যের একমাত্র দাপ্তরিক উৎস প্রেসিডেন্টের দপ্তর। ফলে নানা ধরনের অনুমানভিত্তিক খবর বের হচ্ছে। কয়েকটি সংবাদমাধ্যমে ম্যান্ডেলার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবর বের হয়, তিনি হাসপাতাল থেকে জোহানেসবার্গের বাড়িতে ফিরেছেন। এর পরই প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তর থেকে এ খবরকে ‘অসত্য’ উল্লেখ করে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে জুমার মুখপাত্র ম্যাক মহারাজ বলেন, ‘ম্যান্ডেলা এখনো প্রিটোরিয়ার হাসপাতালে আছেন। তাঁর অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল। মাঝেমধ্যে তাঁর অবস্থা অস্থিতিশীল হলেও চিকিৎসায় কাজ হচ্ছে।’ নেলসন ম্যান্ডেলার পরিবার আশা করছে, তিনি অন্তত জোহানেসবার্গের বাড়িতে ফিরে আসার মতো সুস্থ হয়ে উঠবেন এবং সেখানে তাঁর চিকিৎসা চলবে। এএফপি ও বিবিসি।