ম্যান্ডেলার মৃত্যুর পর এই প্রথম জনসমক্ষে গ্রাসা

বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক শান্তিবাদী নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুর পর গতকাল মঙ্গলবার প্রথম জনসমক্ষে এসেছেন তাঁর বিধবা পত্নী গ্রাসা ম্যাশেল। কয়েকজন বন্ধুর সহযোগিতা নিয়ে জোহানেসবার্গের সোয়েটো স্টেডিয়ামে বিশ্ব নেতাদের সঙ্গে ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
শেষ ছয় মাস ম্যান্ডেলার খুব কাছে কাছে ছিলেন ম্যাশেল। প্রিটোরিয়া হাসপাতালে শেষ ৮৪ দিন প্রায় ২৪ ঘণ্টাই প্রিয় স্বামীকে চোখে চোখে রেখেছিলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার পরের তিন মাসও তিনি ম্যান্ডেলার খুব কাছে ছিলেন। গত ৫ ডিসেম্বর ম্যান্ডেলার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ছিলেন পাশে। তবে ম্যান্ডেলার মৃত্যুর পর গতকালই প্রথম জনসমক্ষে দেখা যায় তাঁকে। এর প্রায় এক মাস আগে ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’ চলচ্চিত্রের প্রিমিয়ার শোতে আরেকবার জনসমক্ষে দেখা গিয়েছিল গ্রাসাকে।
গান্ধীর সঙ্গে তুলনা: ম্যান্ডেলাকে ভারতের অহিংস আন্দোলনের মহান নেতা মহাত্মা গান্ধী ও সাবেক সোভিয়েত ইউনিয়নের নোবেলজয়ী ভিন্নমতাবলম্বী লেখক আলেকজান্ডার সোলঝেনিৎসিনের সঙ্গে তুলনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মস্কোতে দক্ষিণ আফ্রিকার দূতাবাসে গিয়ে ম্যান্ডেলার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এ সময় পুতিন বলেন, ‘ম্যান্ডেলা আমাদের জনগণের অকৃত্রিম বন্ধু ছিলেন। এতে কোনো সন্দেহ নেই।’
সাংবাদিকদের পুতিন বলেন, ‘দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকার অন্যান্য দেশে বর্ণবাদবিরোধী, ন্যায় ও গণতন্ত্রের জন্য লড়াই চলাকালে আমাদের দেশ সোভিয়েত ইউনিয়ন জোর সমর্থন দিয়েছিল।’
গতকাল জোহানেসবার্গে ম্যান্ডেলার স্মরণ অনুষ্ঠানে প্রায় ১০০ বিশ্ব নেতার সঙ্গে রাশিয়ার পক্ষে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার ভ্যালেনটাইন ম্যাতভিয়েনকো যোগ দেন। এএফপি ও বিবিসি।