ম্যান্ডেলার শারীরিক অবস্থা ‘চমৎকার’
চিকিৎসাধীন নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থাকে ‘চমৎকার’ উল্লেখ করে তাঁর অবস্থা ‘ভালো থেকে আরও ভালো’র দিকে যাচ্ছে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী গ্রাসা ম্যাশেল। দক্ষিণ আফ্রিকার বেসরকারি সংবাদ চ্যানেল ইএনসিএ গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ কথা জানায়।নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৯৪ বছর বয়সী এই বর্ণবাদবিরোধী নেতা এক সপ্তাহের বেশি সময় আগে হাসপাতালে ভর্তি হন। এর পর থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের মাধ্যমে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর জানা যাচ্ছে।ম্যান্ডেলার স্ত্রী ম্যাশেল গত বৃহস্পতিবার রাতে ইএনসিএ চ্যানেলকে বলেন, ‘মাদিবা (ম্যান্ডেলার সম্মানসূচক গোত্রীয় উপনাম) ভালো আছেন। মাদিবা ভালো থেকে আরও ভালোর দিকে যাচ্ছেন।’ তিনি জানান, ম্যান্ডেলা এখনো হাসপাতালে রয়েছেন একটা কারণে, তা হলো, চিকিৎসকেরা পরিপূর্ণভাবে নিশ্চিত হতে চাইছেন যে তিনি বাড়ি যাওয়ার জন্য যথেষ্ট সবল এবং স্বাস্থ্যের অবস্থা যেন আবার খারাপ না হয়।ম্যাশেলের এই মন্তব্য ম্যান্ডেলা গত ২৭ মার্চ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার বিষয়ে সর্বশেষ তথ্য। এএফপি।