ম্যান্ডেলার শ্রদ্ধায় সারা বিশ্ব মিলছে দক্ষিণ আফ্রিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ভুবেনশ্বরে বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক নেলসন ম্যান্ডেলার বালির ভাস্কর্য তৈরিতে ব্যস্ত একজন শিল্পী। বিশ্ব মানবাধিকার দিবস সামনে রেখে সমুদ্রসৈকতে শান্তিবাদী এই নেতার ভাস্কর্য বানানো হয়। প্রতিবছর ১০ ডিসেম্বর এই দিবসটি পালিত হয় । এএফপি
ভারতের ভুবেনশ্বরে বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ক নেলসন ম্যান্ডেলার বালির ভাস্কর্য তৈরিতে ব্যস্ত একজন শিল্পী। বিশ্ব মানবাধিকার দিবস সামনে রেখে সমুদ্রসৈকতে শান্তিবাদী এই নেতার ভাস্কর্য বানানো হয়। প্রতিবছর ১০ ডিসেম্বর এই দিবসটি পালিত হয় । এএফপি

স্মরণকালে এমন ঘটনা আর ঘটেনি। নেলসন ম্যান্ডেলার জন্য আজ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় তেমনটিই ঘটছে। তাঁকে স্মরণ করতে আর শ্রদ্ধা জানাতে পুরো বিশ্ব আজ মিলছে জোহানেসবার্গের একটি স্টেডিয়ামে। ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন প্রায় ১০০ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা। থাকছেন বিভিন্ন ক্ষেত্রের জ্ঞানী-গুণী বিশিষ্টজনেরা।

দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের প্রতি সম্মান জানাতে গতকাল সোমবার বিশেষ অধিবেশন বসেছিল দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে। এই অধিবেশনে আমন্ত্রণ জানানো হয় দেশটির সর্বশেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লার্ককে। এ ছাড়া ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি ম্যান্ডেলা ও নাতি মান্ডলা ম্যান্ডেলার অধিবেশনে যোগ দেন। তাঁরা দুজনই পার্লামেন্টের সদস্য।

বর্ণবাদবিরোধী আন্দোলনের মহানায়ককে গত বৃহস্পতিবার হারায় বিশ্ব। এরপর ১০ দিনের শোক-শ্রদ্ধা আর স্মরণ অনুষ্ঠানের ঘোষণা দেয় দক্ষিণ আফ্রিকার সরকার। এর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানটি হচ্ছে আজ, জোহানেসবার্গের এফএনবি ফুটবল স্টেডিয়ামে। এরপর আরও কয়েক দিনের আনুষ্ঠানিকতা শেষে আগামী ১৫ ডিসেম্বর সমাহিত করা হবে দক্ষিণ আফ্রিকার জাতির পিতা এবং বিশ্বের একালের শ্রেষ্ঠ সন্তানকে।

এফএনবি স্টেডিয়ামের আজকের স্মরণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। থাকছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক তিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন ও জিমি কার্টার। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ১০০ দেশের সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধানেরা ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘কার্যত পুরো বিশ্বই আজ মিলছে দক্ষিণ আফ্রিকায়। আমার মনে হয় না, আগে কখনো এমনটা ঘটেছে।’

জোহানেসবার্গের সোয়েটো এলাকায় এফএনবি স্টেডিয়ামেই শেষবারের মতো অনুষ্ঠানে দেখা গিয়েছিল ম্যান্ডেলাকে। ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওই মাঠে গিয়েছিলেন তিনি। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮০ হাজার। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে আসা সব মানুষকে অবশ্য এই স্টেডিয়ামে ঠাঁই দেওয়া যাবে না। তাই জোহানেসবার্গেরই অন্য তিনটি স্টেডিয়ামে বসানো হয়েছে বিশালাকৃতির টেলিভিশন পর্দা। এতে আরও প্রায় এক লাখ ২০ হাজার মানুষ সরাসরি দেখতে পারবেন এফএনবি স্টেডিয়ামের অনুষ্ঠান।

আজকের অনুষ্ঠানের পর কাল থেকে তিন দিন সকাল-সন্ধ্যা ম্যান্ডেলার মরদেহ রাখা হবে প্রিটোরিয়ার ইউনিয়ন বিল্ডিংয়ে। প্রেসিডেন্ট থাকার সময় এখানে বসতেন তিনি। আগামী শনিবার প্রিটোরিয়া থেকে মরদেহ নেওয়া হবে ইস্টার্ন কেপ প্রদেশের কুনু গ্রামে। নিজের এই জন্মস্থানেই রোববার চিরবিদায় নেবেন বর্ণবাদবিরোধী আন্দোলনের এই মহান নেতা। এএফপি, রয়টার্স।