ম্যান্ডেলার সফল অস্ত্রোপচার অবস্থা স্থিতিশীল
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার দেহে গতকাল সফলভাবে অস্ত্রোপচার শেষ হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ম্যান্ডেলাকে গতকালই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন থেকে পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন। বিবিসির একটি সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারের পর তিনি কথা বলেছেন। আজ রোববার তিনি হাসপাতাল ছাড়তে পারেন বলে জানা গেছে। ৯৩ বছর বয়সী ম্যান্ডেলাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা জানা যায়নি। তবে অসমর্থিত সূত্রের খবরে বলা হচ্ছে, প্রিটোরিয়ার একটি সামরিক হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। দেশটির কর্তৃপক্ষ অস্ত্রোপচারের ব্যাপারে এখনো বিস্তারিত কিছুই জানায়নি। প্রেসিডেন্ট জ্যাকব জুমা ম্যান্ডেলার চিকিৎসকদের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার বিবরণ পাওয়ার পরই প্রেসিডেন্টের দপ্তর থেকে বিবৃতিতে সব জানানো হতে পারে। প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মাহারাজ বেসরকারি চ্যানেল ই-নিউজকে বলেন, ম্যান্ডেলা সুস্থ আছেন। জ্যাকব জুমা এক বিবৃতিতে ম্যান্ডেলার দ্রুত সুস্থতা কামনা করেছেন। রয়টার্স, এএফপি ও বিবিসি।