ম্যান্ডেলার সমালোচনা করেছেন সাবেক স্ত্রী উইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা বলেছেন, ‘ম্যান্ডেলা আমাদের হতাশ করেছেন। তিনি কালোদের পক্ষে একটি বাজে চুক্তি করেছিলেন।’ চলতি সপ্তাহে যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা লন্ডন ইভিনিং স্ট্যান্ডার্ডকে দেওয়া এক সাক্ষাত্কারে এ মন্তব্য করেন তিনি। উইনির এই বক্তব্যের পর গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বলেছে, উইনি দেশে ফিরলে এ ব্যাপারে তাঁর সঙ্গে দলের পক্ষ থেকে কথা বলা হবে।’এএনসির মুখপাত্র জ্যাকসন এমথেম্বু বলেন, ‘উইনির বক্তব্য শোনার আগে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না আমরা। এ ব্যাপারে কথা বলার জন্য আমরা তাঁর দেশে ফেরার অপেক্ষায় রয়েছি।’ নোবেলজয়ী নেলসন ম্যান্ডেলার ২৭ বছরের কারাবন্দী জীবনের অবসানের ২০ বছর পূর্তি হয়েছে গত মাসে। কারামুক্তির দুই বছর পর ১৯৯২ সালে ম্যান্ডেলার সঙ্গে ছাড়াছাড়ি হয় উইনির। ম্যান্ডেলাকে কারামুক্ত করা এবং কালোদের অধিকার আদায়ে উইনিরও যথেষ্ট অবদান রয়েছে এবং এখনো দক্ষিণ আফ্রিকায় তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে।উইনি ম্যান্ডেলার সাক্ষাত্কারটি নিয়েছেন ব্রিটিশ লেখক ভি এস নাইপলের স্ত্রী নাদিরা নাইপল। নাইপলের সঙ্গে উইনির সাক্ষাত্কার উদ্ধৃত করে পত্রিকাটিতে বলা হয়েছে, “দক্ষিণ আফ্রিকায় অর্থনৈতিকভাবে আমরা (কালোরা) এখনো মূলধারার বাইরে রয়েছি। অর্থনীতি এখনো অনেক বেশি ‘সাদা’। কালোদের জন্য কিছু প্রতীকী সুবিধা রাখা হলেও এই অধিকার আদায়ের সংগ্রামে রক্ত ও জীবনের গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন—এমন অনেকেই সুবিধাবঞ্চিত থেকেই মারা গেছেন।”ম্যান্ডেলা ফাউন্ডেশন একটি করপোরেট প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন উল্লেখ করে উইনি বলেন, ‘ম্যান্ডেলা ফাউন্ডেশনের জন্য এখন তিনি দেশে দেশে অর্থ সংগ্রহের জন্য ঘুরে বেড়ান। এএনসি তাঁকে কার্যকরভাবে দলের মূলধারা থেকে সরিয়ে দিয়েছে। তবে পরিচয় ব্যবহার করার জন্য তাঁকে দলে রেখেছে।’ এএফপি।