ম্যান্ডেলার সুস্থতা কামনায় গির্জায় গির্জায় প্রার্থনা
বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নেতা ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সুস্থতা কামনায় দেশটির বিভিন্ন গির্জায় প্রার্থনা চলছে। জোহানেসবার্গের সোয়েতো এলাকায় অবস্থিত রেজিনা মুন্ডি গির্জায় গতকাল রোববার অনুষ্ঠিত এক প্রার্থনায় শত শত মানুষ অংশ নেয়। নিউমোনিয়ায় আক্রান্ত ম্যান্ডেলা রাজধানী প্রিটোরিয়ার হাসপাতালে গত বুধবার থেকে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা নিয়মিত উন্নতি হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে গত শনিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ম্যান্ডেলার ফুসফুস থেকে তরল পদার্থ নিষ্কাশনের পর তিনি নির্বিঘ্নে শ্বাস নিতে পারছেন।ম্যান্ডেলাকে আর কত দিন হাসপাতালে থাকতে হবে, তা স্পষ্টভাবে জানানো হয়নি। এমনকি তাঁকে যে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেটির নামও অপ্রকাশিত রাখা হয়েছে। ম্যান্ডেলা হাসপাতালে ভর্তি হওয়ার পর দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান প্রেসিডেন্ট জুমা। ম্যান্ডেলার শারীরিক অবস্থা গত কয়েক বছরে নাজুক হয়ে পড়েছে। তাঁকে গত দুই বছরে চারবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। রোবেন দ্বীপের কারাপ্রকোষ্ঠে বন্দী অবস্থায় আশির দশকে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হন।শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের শাসন থেকে দক্ষিণ আফ্রিকাকে গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের রূপকার হিসেবে ম্যান্ডেলা দেশে-বিদেশে বিপুল শ্রদ্ধা অর্জন করেছেন। বর্ণবৈষম্যের অবসানের পর তিনি ১৯৯৪ সালে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ১৯৯৯ সালে তিনি অবসর নেন। শান্তিতে ১৯৯৩ সালে তিনি নোবেল পুরস্কার অর্জন করেন। এএফপি, বিবিসি ও এপি।