ম্যান্ডেলার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার (৯৪) স্ত্রী গ্রাসা ম্যাচেল বলেছেন, হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ম্যান্ডেলার স্বাস্থ্যের আরও উন্নতি হচ্ছে। গতকাল সোমবার জোহানেসবার্গের উপকণ্ঠে এক সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় গ্রাসা এ কথা বলেন।ম্যান্ডেলা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ১০ দিন হাসপাতালে কাটানোর পর ৬ এপ্রিল বাড়ি ফিরে যান। তখন দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে বলা হয়, ক্রমেই ম্যান্ডেলার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। তাই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ম্যান্ডেলাকে বর্তমানে তাঁর জোহানেসবার্গের বাসভবনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফুসফুসের সংক্রমণজনিত রোগে গত ২৭ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকেরা তাঁর ফুসফুসে জমে থাকা পানি অপসারণ করেন।আধুনিক দক্ষিণ আফ্রিকার জনক ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসীর মধ্যে অজানা আশঙ্কা বিরাজ করছে। গত পাঁচ মাসে তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আশঙ্কা উড়িয়ে দিয়ে গতকাল নবজাতকের পরিচর্যাবিষয়ক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাচেল বলেন, ‘ম্যান্ডেলার শারীরিক অবস্থার অগ্রগতি হচ্ছে। তাই আজ আমি এখানে আসতে সক্ষম হয়েছি। তা না হলে এখন বাসায় থাকতাম।’ম্যান্ডেলা প্রায় ২৭ বছর কারাবন্দী থাকার পর ১৯৯০ সালে মুক্তি পান এবং দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন। এএফপি।