ম্যান্ডেলার স্মরণসভায় ইশারা ভাষা উপস্থাপকের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থামসাংকা জ্যান্টজি
থামসাংকা জ্যান্টজি

বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণসভায় শ্রবণ ও বাকপ্রতিবন্ধীদের জন্য একজন ইশারা ভাষা উপস্থাপক রাখা হয়। কিন্তু তিনি এমন অর্থহীন অঙ্গভঙ্গি করেছেন, প্রতিবন্ধীরা তাঁর ইশারা ভাষার মাথামুণ্ডু কিছুই বোঝেনি। বিষয়টি নিয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে।
ওই ইশারা ভাষা উপস্থাপকের নাম থামসাংকা জ্যান্টজি (৩৪)। অভিযোগ শোনার পর তিনি আত্মপক্ষ সমর্থন করে বলেন, ইশারা ভাষায় তিনি অত্যন্ত দক্ষ। কিন্তু ওই অনুষ্ঠান চলাকালে তিনি সিজোফ্রেনিয়ায় (মানসিক জটিলতা) আক্রান্ত হয়েছিলেন।
ওই ইশারা ভাষা উপস্থাপক বলেন, অনুষ্ঠানমঞ্চে তিনি সেদিন বিভিন্ন অবাস্তব আওয়াজ ও অলীক দৃশ্য অনুভব করছিলেন। এ ধরনের মানসিক জটিলতার পরিণামে তাঁর ইশারাগুলো অর্থহীন অঙ্গভঙ্গিতে পরিণত হয়। এতে বিশ্বজুড়ে অনুষ্ঠানটির যেসব বধির ও বাকপ্রতিবন্ধী দর্শক রয়েছেন, তাঁরা স্বভাবতই ক্ষুব্ধ হন। দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় বধির সংগঠনটি জ্যান্টজির ওই পরিবেশনার নিন্দা জানিয়ে তাঁকে প্রতারক আখ্যা দিয়েছে।
তবে জ্যান্টজি বলেন, ‘আমার কিছুই করার ছিল না। ওই ভয়াবহ পরিস্থিতিতে আমি একা হয়ে পড়ি, নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টাও করেছিলাম। পুরো ব্যাপারটার জন্য আমি দুঃখিত। কী কারণে এমনটা ঘটেছিল, আমি জানি না।’
দক্ষিণ আফ্রিকার মন্ত্রী হেন্দ্রিয়েটা বোগোপান-জুলু বলেন, জ্যান্টজির নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তারা গা ঢাকা দিয়েছে। ইশারা ভাষা নিয়ে যা হয়েছে, সে জন্য সরকার দুঃখিত বলে তিনি জানান। রয়টার্স।