ম্যান্ডেলার ‘মৃতদেহের’ ময়নাতদন্ত নিয়ে চিত্রকর্ম, দক্ষিণ আফ্রিকায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মৃতদেহের ময়নাতদন্ত করা হচ্ছে—এমন একটি চিত্রকর্মের নিন্দা জানিয়েছে সে দেশের ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। গতকাল শনিবার দলের এক বিবৃতিতে বলা হয়, এ চিত্রকর্ম ম্যান্ডেলার মর্যাদাহানি করেছে।চিত্রকর ইউলি দামাসোর আঁকা ওই ছবিতে দেখা যায়, ম্যান্ডেলার মৃতদেহ কেটে ফেলা হয়েছে এবং দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় নেতারা মৃতদেহটি ঘিরে দাঁড়িয়ে রয়েছেন। শিল্পীর দাবি, মানুষকে মৃত্যুর মুখোমুখি করার উদ্দেশ্য নিয়ে তিনি ছবিটি এঁকেছেন। দামাসো বলেন, ‘নেলসন ম্যান্ডেলা একজন মহান মানুষ, তবে তিনি একজন মানুষ। কোনো একদিন ম্যান্ডেলার মৃত্যুর ক্ষণটির মুখোমুখি হতে হবে আমাদের, ব্যক্তি হিসেবে এবং জাতীয়ভাবে।’বিবিসির স্থানীয় সাংবাদিক বলেন, দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলা একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব। তাঁর মৃত্যু নিয়ে আলোচনাকে সেখানে অসম্মানজনক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। সে দেশের জনগণ প্রকাশ্যে ম্যান্ডেলার মৃত্যু নিয়ে আলোচনা করেন না। সম্ভবত তাঁরা ম্যান্ডেলাকে হারানোর কথা কল্পনা করতে বা সেই বাস্তবতার মুখোমুখি হতে ভয় পান।এই চিত্রকর্মটি ছাপার জন্য ব্রিটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি মেইল ও গার্ডিয়ান-এরও সমালোচনা করেছে এএনসি। চিত্রকর্মটি দক্ষিণ আফ্রিকার যে বিপণিতে প্রদর্শিত হচ্ছে, সেখানকার কর্তৃপক্ষকেও এ ব্যাপারে অভিযোগ জানানো হয়েছে। তবে বিপণির বিপণন ব্যবস্থাপক নিকোলা ভ্যান ক্যান বলেন, ‘আমরা বুঝতে পারছি, এটি একটি বিতর্কিত চিত্রকর্ম। তবে আমরা শিল্পীর স্বাধীনতাকে সমর্থন জানাব।’ বিবিসি, এএফপি।