ম্যার্কেলকে ওবামার ফোন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে ফোনে কথা বলেছেন। গুপ্তচরবৃত্তি নিয়ে বিরোধের জের ধরে বার্লিনে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান জার্মানি ত্যাগে বাধ্য হওয়ার পর প্রথমবারের মতো কথা বললেন ওবামা ও ম্যার্কেল। খবর এএফপির।
অবশ্য, ফোনালাপের সময় সর্বশেষ ওই গোয়েন্দা কেলেঙ্কারি নিয়ে দুই নেতার মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস। এক বিবৃতিতে কেবল বলা হয়, ওবামা ও ম্যার্কেল ‘মার্কিন-জার্মান গোয়েন্দা সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন’।
দীর্ঘদিন ধরেই ওবামা ও ম্যার্কেলের মধ্যে কাজের সম্পর্ক অনেক ভালো ছিল। তবে জার্মানির ওপরে মার্কিন গোয়েন্দাগিরি ও নজরদারির খবর প্রকাশ পাওয়ার পর যুক্তরাষ্ট্র-জার্মানি সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে ম্যার্কেলের মুঠোফোনেও মার্কিন গোয়েন্দাদের আড়ি পাতার খবর প্রকাশ পাওয়ার পর বেশ চটে যান ম্যার্কেল। সর্বশেষ মার্কিন গুপ্তচরবৃত্তির খবর জানাজানি হওয়ার পর তিনি নিজ দেশে প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে আছেন।
বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের একটি বৈঠক সামনে রেখে ওবামার ওই ফোন এল। বৈঠকে রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করা হবে। ইউক্রেন অস্থিরতায় রাশিয়া মদদ দিচ্ছে বলে মনে করে যুক্তরাষ্ট্র ও ইইউসহ পশ্চিমারা।